২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদির ‘ভিশন ২০৩০’র প্রশংসায় পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ‘ভিশন ২০৩০’ এর প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশটিতে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতায় প্রস্তুত বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 08:27 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

ঢাকা সফররত সৌদি শুরা কাউন্সিলের স্পিকার আব্দুল্লাহ বিন মোহাম্মেদ বিন ইব্রাহিম আল-শেখ শুক্রবার সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি।

সৌদি স্পিকারের সঙ্গে দেশটির শুরা কাউন্সিলের দুইজন সদস্য এবং ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ছিলেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সৌদি স্পিকার বাংলাদেশি কর্মী বিশেষত চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী এবং দক্ষ শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশ থেকে সব পর্যায়ে আরও কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। 

এর আগে সর্বশেষ ২০১৩ সালে তৎকালীন স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন আব্দুল্লাহ বিন মোহাম্মেদ বিন ইব্রাহিম আল-শেখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সম্ভাবনা নিয়ে ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে বলে তিনি মন্তব্য করেন।

বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি আরও জোরাদার নিয়ে আলোচনা করেন তারা।

আগামী ২১ মে রিয়াদে অনুষ্ঠেয় আরব ইসলামিক আমেরিকান সামিটের কথা উল্লেখ করে সৌদি স্পিকার বলেন, সেখানে মুসলিম প্রধান দেশগুলোর নেতারা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে গঠনমূলক আলোচনা করবেন বলে তিনি আশা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব থাকাকালে অনুষ্ঠেয় ওই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।