২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আহমদিয়া আমিরের

আহমদিয়া মুসলিম জামাতের অনুসারীদের নিরাপত্তার ক্ষেত্রে সরকার ও প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ সম্প্রদায়ের আমির মোবাশশেরউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 08:11 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

তিনি বলেছেন, “হিন্দু মন্দির বা বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটলে তারা যেভাবে তড়িৎ পদক্ষেপে যায়, আমাদের ওপর হলে সেই রকম অ্যাকশনে যায় না। এটা কেন?”

শুক্রবার ঢাকার বকশীবাজারে আহমদিয়া মুসলিম জামাত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রংপুর, বগুড়া ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ সম্প্রদায়ের মানুষের আক্রান্ত হওয়ার তথ্য তুলে ধরেন মোবাশশেরউর রহমান।

বিগত কয়েক বছরে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ধারাবাহিকতায় গত সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কানপুর গাংপাড়া গ্রামের আহমদিয়া মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে জখম করা হয়।

হামলার সময় আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাহ নামে একজনকে মারধর করে পুলিশে দেয় স্থানীয়রা। আহত মোস্তাফিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়।

ঈশ্বরগঞ্জ ইসলামপুর দারুস সুন্নাত জাফরিয়া মাদরাসার ছাত্র আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, আহমদিয়া ইমামকে হত্যাই ছিল তাদের ওই হামলার উদ্দেশ্য। ইলিয়াস হোসেন ও জহিরুল ইসলাম নামে দুই সহপাঠী তার সঙ্গে ছিলেন।

মোবাশশেরউর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, “আহমদিয়ারা ইসলাম ধর্মে অনুসারী হলেও হামলার পর সরকারি তৎপরতা কম দেখা যায়।”

তবে ময়মনসিংহের ঘটনায় পুলিশের তৎপতার প্রশংসা করেন আহমদিয়া জামাতের ময়মনসিংহ জেলা আমির অধ্যাপক মুজাহেদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “তিন মাস আগেও তারা মোস্তাফিজুর রহমানকে আক্রমণ করেছিল। আমি তাকে এসপি সাহেবের কাছে নিয়ে গিয়েছিলাম। এসপি বলেছিলেন, আমরা বিষয়টা দেখছি। এরপর এবার হামলার ঘটনা ঘটল।”

“মোস্তাফিজকে পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে আসার পর আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।”

পরে এসপি ও বিভিন্ন থানার ওসিরাও হাসপাতালে এসেছিলেন জানিয়ে অধ্যাপক মুজাহেদ বলেন, “পুলিশ ও স্থানীয় প্রশাসন অনেক সহায়তা দিয়েছে। তারা যে ধরনের সাপোর্ট করা দরকার সেটা করে গেছেন। যেই তিন নারী এক হামলাকারীকে ধরিয়ে দিয়েছেন- তাকে পুরস্কারও দেবে বলছে।”

সংবাদ সম্মেলনে আহমদিয়া জামাতের মোবাল্লেগ ইনচার্জ আব্দুল আউয়াল খান চৌধুরী বলেন, “ওই রামদার আঘাত কেবল একজন ব্যক্তির ওপর পড়েনি। প্রতিটা আঘাত পড়েছে স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সবাই বলছে সব ঠিক হয়ে যাবে... ভাবছে, ২০১৮ সালটা কোনোমতে পার হয়ে যাক না। বাংলাদেশকে যদি এই উগ্র ধর্মান্ধরা লাইনচ্যুত করতে পারে, তাহলে লাইনে ফেরানো আর কোনোভাবেই সম্ভব হবে না। ৫০ বছর, ৬০ বছর পেছাবে এই দেশ। যদি কোনো বাঘের বাচ্চার জন্ম হয় তবে এটা ফিরে আসতে পারে।”

‘কতোটা বিভ্রান্ত হলে’ ইসলামের অনুসারীদের মুরতাদ ঘোষণা করা হতে পারে- এমন মন্তব্য করে আব্দুল আউয়াল বলেন, “কেবল রায় ঘোষণা নয়, বাদী তারা, বিচারক তারা এবং প্রশাসনের মতো রায় বাস্তবায়ন করে তারা। মগের মুল্লুক বানানো হচ্ছে বাংলাদেশকে।”

বাংলাদেশে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায় বিভিন্ন সময়ে উগ্রপন্থি হামলার শিকার হয়েছে। গতবছর রাজশাহীর বাগমারায় এ সম্প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়েও বহু হামলার ঘটনা গণমাধ্যমে আসে। কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ২০১৩ সালে আহমদিয়াদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিও তোলে।

ধর্মীয় দলগুলোর সঙ্গে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলের ‘যোগাযোগের’ সমালোচনা করেন আহমদিয়া জামাতের নায়েবে আমির অধ্যাপক মোবাশ্বের আলী।

“বিএনপি ছিল জামায়াতের সঙ্গে, তারা ২০ দল করেছিল। তারা উগ্র ডানপন্থি। কিন্তু তারপরে আওয়ামী লীগ কী করল? হেফাজতের সঙ্গে গাটছড়া বাঁধল, ডানপন্থি হল। আর এরশাদতো ইসলামী দল নিয়েই আছে।

“সুতরাং বাংলাদেশে যে দলই ক্ষমতায় যাক না কেন, তারা একটি ইসলামী ও ধর্মীয় প্রভাব পাবে। এই ধর্মীয় প্রভাবটা মুক্ত হওয়া আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল ছিল। ধর্মের প্রভাব রাজনীতিতে থাকবে না। কিন্তু আমরা এখন প্র্যাকটিক্যালি এটার প্রভাব দেখতেছি।”

সংবিধানে দেশ পরিচালনার ‘আদর্শভিত্তিক নীতি’র কথা তুলে ধরে মোবাশ্বের বলেন, “সেই নীতি আমাদের সংবিধানে ডিফাইন করা আছে। ধর্মীয় স্বাধীনতার দিক থেকে আমাদের সংবিধান পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় উত্তম।

“আমরা চাই, সংবিধান মেনে চলা হোক। সাংবিধানিক অধিকার পেলেই আমরা খুশি। আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত থাক এটা চাই।”

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের একটি ধর্ম ঠিক করে দিয়ে সংবিধানকে ‘দূষিত’ করা হয়েছে।

“মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষতা। সেটা কি মানা হচ্ছে? তারা মুক্তিযুদ্ধের চেতনা মানলে হেফাজতের সঙ্গে গাঁটছড়া হয় কী করে?”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল আউয়াল বলেন, “ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের নির্দেশনা রয়েছে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু একই সঙ্গে এই নির্দেশ যথাযথভাবে পালিত হচ্ছে কি-না তা দেখাও সরকার এবং প্রশাসনের দায়িত্ব।”

যে মাদ্রাসার তিন ছাত্র ঈশ্বরগঞ্জের ইমাম মোস্তাফিজের ওপর হামলা করেছে, সেই মাদ্রাসার পরিবেশ ও শিক্ষাব্যবস্থা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

আহমদিয়া জামাতের নায়েবে আমির আহমাদ তাবশির চৌধুরীও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।