ধর্ষকবিরোধী পদযাত্রায় ‘প্রকৃত বিচার’ নিয়ে সংশয়
রাজধানীর বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামিরা বিত্তশালী হওয়ায় তাদের প্রকৃত বিচার হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে ধর্ষণবিরোধী এক পদযাত্রায়।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ধর্ষকের বিরুদ্ধে পদযাত্রা’ শীর্ষক ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশে এ সংশয় প্রকাশ করেন রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বনানীর ধর্ষণকাণ্ডে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, “মানুষের মধ্যে আশঙ্কা ও সংশয় দেখা দিয়েছে যে, বনানীর ধর্ষণকারীরা অনেক শক্তিশালী, তাদের বাবা শত শত কোটি টাকার মালিক। তারা হয়তো টাকার জোরে পার পেয়ে যাবে। তাদের বোধহয় প্রকৃত বিচার হবে না।
“এই ধরনের নানা আশঙ্কা আমাদের মধ্যে দেখা দিয়েছে। কারণ অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতাশালী তাদের বিচার হয় না। তারা বিচারের আওতার বাইরে থেকে যায়। সেই কারণে মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে।”
“এর আগে ধর্ষণের বিচার না পেয়ে গাজীপুরের হযরত আলী ও তার শিশু কন্যার আত্মহত্যা... এরও আগে দেখেছি তনু হত্যা, বিচার কী হয়েছে? সে বিচার তো আজও হয়নি। বিচার না হওয়ায় এই ধরনের দুর্বৃত্তরা সাহস পেয়ে যায়। এসব ধর্ষণ-নিযার্তনের বিচার করতে হবে।”
নারী বিচারপতি, নারী আইনজীবী ও প্রসিকিউটরের মাধ্যমে আলাদা বিচারালয়ে ধর্ষণ মামলার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, “বিচারক নারী, তদন্তকারী কর্মকর্তা নারী, আইনজীবী পক্ষে-বিপক্ষে থাকে নারী। এর মধ্যে দিয়ে নারীর প্রকৃত কথা শুনতে পারে এবং একজন নারী আরেকজন নারীর কাছে প্রকৃত সত্য তুলে ধরার জন্য কোনো দ্বিধা করে না।
বাংলাদেশে ধর্ষণের বিচারের জন্য এরকম একটি ব্যবস্থা করতে আইনের একটি বিশেষ বিধান তৈরি করা উচিত বললেও শুধু আইনের দিকে না তাকিয়ে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান গোলাম কুদ্দুস।
ধর্ষণ ঘটনার বর্ণনার একটি ভিডিও ইউটিউবে ঘুরার মধ্যে আদালতে দেওয়া ওই জবানবন্দি ফাঁস হয়ে ইউটিউবে গিয়েছে বলে দাবি করেন সাংবাদিক অঞ্জন রায়।
সমাবেশে তিনি বলেন, “বনানীতে ধর্ষণের ঘটনার শিকার মেয়েরা যে বর্ণনা দিয়েছেন, সেটি আজকে ইউটিউবে ঘুরছে। খুব পরিষ্কারভাবে আমি আমার দায়িত্ব থেকে বলছি, আমাদের বিচার বিভাগ অনেক বড় বড় কথা বলে, আমাদের বিচার বিভাগের অনেক সক্ষমতা আছে, তা আমরা জানি, বিচার বিভাগকে দ্রুত এই বিষয়টি তদন্ত করতে হবে।
“একজন নারী যখন তার জবানবন্দি দিচ্ছেন, কিভাবে সেই জবানবন্দি ইউটিউবে আসতে পারে? যারা ইউটিউবে এই ঘটনাটি আপলোড করেছে, তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি। তারা দ্বিতীয় দফা, তৃতীয় দফা ধর্ষণ করেছে বলে মনে করি।”
দেশের সব জায়গায় নারী নির্যাতনের অসংখ্য ঘটনা ঘটেছে অভিযোগ করে সাংবাদিক ইশতিয়াক রেজা বলেন, “আমরা প্রত্যেকটি ঘটনার বিচার চাই। আমরা তনু ধর্ষণ-হত্যার বিচার পাইনি, আমরা নিশা হত্যার বিচার পাইনি। প্রত্যেকটা ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচার চাই।”
ধর্ষণের বিচার নারীদের মাধ্যমে করার দাবি জানিয়ে তিনি বলেন, “প্রয়োজনে দ্রুত বিচার আইনে ধর্ষণ কাণ্ডকে আলাদা বিচারালয়ে নিয়ে নারী বিচারপতি, নারী উকিল ও প্রসিকিউটরের মাধ্যমে দ্রুত এসব কাণ্ডের বিচার করা হোক। সরকারের কাছে এই অনুরোধ।”
‘অপরাজেয় বাংলা’ নামে এক সংগঠন আয়োজিত এ সমাবেশে জাসদের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী সালমা সুলতানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠনক কামাল পাশা, মঞ্চের সংগঠক কানিজ জাকিয়া সুলতানা, অক্সফামের কান্ট্রি ডিরেক্টর এম বি আকতার বক্তব্য দেন।
একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তারের মাধ্যমে বিচারের দাবিতে ‘বাংলাদেশ যুব ইউনিয়ন’ ও ‘বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র’ আলাদাভাবে এবং ‘জাস্টিস ফর উইমেন’, ‘হেল্পএইড ফাউন্ডেশন’ ও ‘লাইটার ইয়থ ফাউন্ডেশনের’ যৌথ আয়োজনে মানববন্ধন ও সমাবেশ করে।
