২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশন চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদ পুলিশের

বনানীতে দুই তরুণী ধর্ষণের মামলা নিতে দেরি এবং আসামি গ্রেপ্তারে ব্যর্থতা নিয়ে মানবাধিকার চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 09:52 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

বুধবার পুলিশ ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদের কথা জানিয়ে দাবি করেছে, আসামিদের গ্রেপ্তারে তারা ‘সর্বাত্মক চেষ্টা’ চালাচ্ছে।

বনানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গত শনিবার মামলা হওয়ার আগে তা নিতে পুলিশ গড়িমসি করেছিল বলে অভিযোগ রয়েছে।

ওই মামলার আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ অন্যদের গ্রেপ্তার করতে এখনও না পারায় পুলিশের বিরুদ্ধে প্রভাবশালীদের ছাড় দেওয়ার অভিযোগও উঠেছে।

এসব অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক মঙ্গলবার খুলনায় এক অনুষ্ঠানে বলেন, “এই পুলিশের প্রয়োজন কী আমাদের?”

পুলিশের সংবাদ বিজ্হপ্তিতে বলা হয়, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”

মামলা দায়েরে দেরির বিষয় ব্যাখ্যা করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “বাদী গত ৪ মে বনানী থানায় উপস্থিত হয়ে তাকে গত ২৭ মার্চ রাতে ধর্ষণ করা হয়েছে বলে কর্তব্যরত অফিসারকে অবহিত করেন।

“ধর্ষণের মতো স্পর্শকাতর একটি অপরাধের অভিযোগ দীর্ঘ ৩৭ দিন পর থানাকে অবহিত করায় ঘটনার সত্যতা ও বাস্তবতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়।”

“ফৌজদারি কার্যবিধি আইনের আলোকেই মামলা রুজুর বিলম্বের কারণ এবং ঘটনাটির বাস্তবতা ও সত্যতা সম্পর্কে প্রাথমিক তদন্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। বনানী থানা পুলিশ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ৬ মে নিয়মিত মামলা রুজু করে,” বলেছে পুলিশ।

Image
খুলনায় এই অনুষ্ঠানেই পুলিশের উপর ক্ষোভ ঝেড়েছিলেন কাজী রিয়াজুল হক

খুলনায় এই অনুষ্ঠানেই পুলিশের উপর ক্ষোভ ঝেড়েছিলেন কাজী রিয়াজুল হক

গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করে নিয়ে ওই দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

সাফাতসহ পাঁচজনকে এই মামলায় আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, সাফাত ও তার বন্ধু নাঈম আশরাফ ধর্ষণ করেছিলেন। এতে সহায়তা করেন সাফাতের আরেক বন্ধু সাদমান সাকিফ এবং তার দেহরক্ষী ও গাড়িচালক।

মামলার পর তৃতীয় দিনও সাফাত বাড়িতে ছিলেন বলে তার বাবা দিলদার আহমেদ জানান; তবে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পাওয়ার কথা জানিয়ে বলে, সাফাতের বাবা অসত্য বলছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মামলা হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। বাদীর অভিপ্রায় অনুযায়ী মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত ও দ্রুত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বর্তমানে মামলাটির তদন্তভার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

“ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ, অপরাধ বিভাগ ও উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আসামিদের গ্রেপ্তারের সর্বাত্মক প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত রেখেছে।”

ঘটনার ৩৭ দিন পর মামলা হওয়ায় অনেক আলামত ও সাক্ষ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকার পরও তদন্ত কর্মকর্তা মামলার আলামত ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

এই অবস্থায় মানবাধিকার কমিশনের বক্তব্য পুলিশকে হেয় প্রতিপন্ন করার সামিল বলে মন্তব্য করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

“সাম্প্রতিক সময় জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ ধর্ষণ-খুন-রাহাজানি প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সাফল্য যখন সর্বমহলে প্রশংসিত, তখন বনানীর ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বাস্তবতা বিবর্জিত মন্তব্য পুলিশের প্রতি সাধারণ মানুষের মনে বিরূপ মনোভাবের সৃষ্টি করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।”

মানবাধিকার কমিশনের আগের চেয়ারম্যান মিজানুর রহমানও বিভিন্ন ঘটনায় পুলিশের সমালোচনামুখর ছিলেন। তখনও তার বক্তব্যের প্রতিবাদ এসেছিল পুলিশের কাছ থেকে।  

পুরনো খবর:

এই পুলিশের প্রয়োজন কী, প্রশ্ন মানবাধিকার কমিশন চেয়ারম্যানের
বনানীর ধর্ষণ: অভিযোগকারীর কাপড় পরীক্ষার আবেদন