শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি
অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।”
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার বিকালে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।
“ধর্ম যার যার, উৎসব সবার- বাংলাদেশে ধর্মীয় উৎসব পালনের এটাই ঐতিহ্যবাহী রীতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐহিত্য।”
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এসময় বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মমন্ত্রী মতিউর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।
বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতা রামুর সীমা বিহারের প্রধান সত্যপ্রিয় মহাথেরোসহ বৌদ্ধ ধর্মীয় নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়াসুজা গুনাসেকারা, মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থানসহ চীন, উত্তর কোরিয়া, থাইল্যান্ড, ভুটান, সিঙ্গাপুর, ভিয়েতনামের কূটনীতিকরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
