সব ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিত করব: হাসিনা
সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধর্ম-বর্ণের মানুষের কথা চিন্তা করেই তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার বিকালে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে ধর্ম পালন করবে, মর্যাদা নিয়ে চলবে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আপনারা সকলে মিলে মিশে থাকবেন। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়ে তুলব। সকল ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিত করব।”
তার সরকার অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে চায় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমাদের সকল ধর্মের মূলমন্ত্র এক। বৌদ্ধ ধর্মের মূল কথা শান্তি। গৌতম বুদ্ধ মানুষে মানুষে সংঘাত পরিহার করতে বলে গেছেন।”
ধর্মনিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, “ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মের মানুষ নিরপেক্ষভাবে ধর্ম পালন করবে। সকলের মাঝে সৌহার্দ্য থাকবে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সহিংসতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “মানুষ পুড়িয়ে মারার ঘটনা যেন আর না ঘটে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথেরো, উপ সংঘরাজ সত্যপ্রিয় মহাথেরো এবং পার্বত্য বৌদ্ধ ভিক্ষূ সংঘের সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরো বক্তব্য রাখেন।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া।
