২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইতুর রউফ মসজিদে আলোকচিত্র প্রদর্শনী

আলোকচিত্রী শহিদুল আলমের তোলা ছবি নিয়ে ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ জয়ী বাইতুর রউফ মসজিদ প্রাঙ্গণে ‘অন্যকে আলিঙ্গন’ শীর্ষক দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 10:24 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

ঢাকার উত্তরার ফায়দাবাদের মসজিদে এ প্রদর্শনীর আয়োজক দৃক পিকচার লাইব্রেরি।

সোমবার সকালে ‘অন্যকে আলিঙ্গন’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম।

আলোকচিত্রী শহিদুল আলম বলেন, “এই প্রদর্শনীর মূল লক্ষ্য ইসলাম ধর্ম যে আতঙ্ক নয়, বরং উদারতা ও হৃদ্যতার প্রতীক সেই বার্তা সকলের মাঝে তুলে ধরা।”

তিনি বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে এবং আজকের দিনের মসজিদ প্রাঙ্গণগুলোতে এই উদারতা এবং মানুষের কাছে পৌঁছানোর এমন মানুষ এবং মানসিকতার বড় অভাব বলে আমার মনে হয়। আমার এই প্রদর্শনী নারী-পুরুষ, অমুসলিম, তথা আবালবৃদ্ধবনিতা সকলের জন্য উন্মুক্ত। এ শর্তেই আমি এই মসজিদ প্রাঙ্গণে প্রদর্শনী করার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রদর্শনী ঘুরতে আসেন বাংলাদেশে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের আবাসিক কূটনীতিক প্রতিনিধি মুনির এম মুরালি, মাসিক অনন্যা ম্যাগাজিনের সম্পাদক তাসমিমা হোসেন, নারীনেত্রী শিরীন হক।

আয়োজকরা জানান, এই প্রদর্শনীর ছবিগুলো পরে রাজধানীর পান্থপথে দৃক পিকচার গ্যালারির নতুন ঠিকানাতে ঠাঁই পাবে। ‘অন্যকে আলিঙ্গন’ শিরোনামের এই প্রদর্শনীর ছবি নিয়ে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন গ্যালারিতেও প্রদর্শনী আয়োজন করা হতে পারে।