রবীন্দ্র জয়ন্তীর নানা আয়োজনে মুখরিত রাজধানীর সংস্কৃতি অঙ্গন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তীর আয়োজনে মুখর ছিল রাজধানীর সংস্কৃতি অঙ্গন।
সোমবার নওগাঁর পতিসরে সরকারি পর্যায় ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী উদযাপন করেছে বৈচিত্র্যময় নানা আয়োজনে।
কবিগুরুর স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহিতে কবির জন্মদিনে ছিল নানা আনুষ্ঠানিকতা। রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন।
কবির জন্মদিন উদযাপনে অনুষ্ঠানের আয়োজন করেছিল ছায়ানট, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠা।
কবিগুরুর জন্মজয়ন্তীতে শিল্পকলা একাডেমির আয়োজনে এসে ছায়ানট ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদের সভাপতি সনজীদা খাতুন বলেন, “রবীন্দ্রনাথ ব্যক্তিসত্ত্বাকে অহম ও অন্তর্গত সত্ত্বাকে আত্মা বলেছেন। যার উদাহরণস্বরূপ তিনি বলেছেন ব্যক্তিসত্ত্বা প্রদীপ ও অন্তর্গত সত্ত্বা শিখা।”
রবীন্দ্রজয়ন্তীর আয়োজনে সোমবার সন্ধ্যায় আলোচনা এবং নৃত্য-গীত ও আবৃত্তিতে সজ্জিত ছিল সাংস্কৃতিক পর্বটি।
বেলায়েত হোসেনের পরিচালনায় ‘ধ্বনিল আহ্বান’ ও ‘নীল অঞ্জন ঘন’ গানের সুরে পরিবেশিত হয় সমবেত নৃত্য । ‘মম চিত্তে’ ও ‘আমার বেলা যে যায় সাঝ বেলাতে’ গানের সুরে এম আর ওয়াসেকের পরিচালনায় পরিবেশিত হয় আরও দুটি বৃন্দ নৃত্য।
‘আনন্দ ধ্বনি জাগাও প্রাণে’ গানে সুরে একক নৃত্য পরিবেশন করেন র্যাচেল প্রিয়াংকা প্যারিস। একক কণ্ঠে গান শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, শামা রহমান, রোকাইয়া হাসিনা, স্বাতী সরকার, ছায়া কর্মকার ও মহীউজ্জমান চৌধুরী ময়না। রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।
এছাড়াও শিল্পকলা একাডেমি তিনদিনব্যাপী কবির চিত্রশিল্প প্রদর্শনীরও আয়োজন করছে।
‘ভুবনজোড়া আসনখানি/ আমার হৃদয়-মাঝে বিছাও আনি’- এ গানের মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় শুরু হয় ছায়ানটের দুই দিনের রবীন্দ্র উৎসব। ছায়ানট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত কথনে অংশ নেন ছায়ানটের কার্যনির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী ও কবি আবুল হাসনাত।
সারওয়ার আলী বলেন, “রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষের জীবনে জড়িয়ে রয়েছেন সেভাবে আর কেউ তাকে পায়নি। বাঙালিত্বের সন্ধানে, স্বাধিকার আন্দোলনে, মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ প্রেরণা-পুরুষ হিসাবে বাঙালির জীবনে আবির্ভূত হয়েছিলেন। আজও তিনি বাঙালির যেকোনো সংকটে প্রেরণা জুগিয়ে চলেছেন।”
এরপর ‘ওগো পথের সাথী’ গানের সঙ্গে বিশেষ গীতি-নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শামীমা নাজনীন। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা খাতুন, ইফফাত আরা দেওয়ান, অদিতি মহসিন। পাশাপাশি ছায়ানটের শিশু শিল্পী ও বড়দের দলীয় পরিবেশনা ছিল অনুষ্ঠানে।
জাতীয় জাদুঘরে আর্ট ক্যাম্প
রবীন্দ্রজয়ন্তীর সকাল থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনালয়ে দিনভর ছবি এঁকেছেন নবীন-প্রবীণ ও বরেণ্য চিত্রশিল্পীরা। কবিগুরুর ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আর্ট ক্যাম্পের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ।
প্রশস্ত প্রদর্শনালয়ের চারপাশে ক্যানভাস সাজিয়ে রবীন্দ্রনাথের গান ও কবিতার ভাবধারায় চিত্রকর্ম সৃজন করেছেন চিত্রকররা। নিজেও রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকার পাশাপাশি এ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন বরেণ্য শিল্পী হাশেম খান। তার সঙ্গে চিত্রকর্ম সৃষ্টির প্রয়াসে অংশ নেন আরো ২২ জন চিত্রশিল্পী।
তাদের মধ্যে ছিলেন রোকেয়া সুলতানা, অলকেশ ঘোষ, শামীম সুব্রানা, সামিনা নাফিজ, সোহাগ পারভেজ, আনিসুজ্জামান, দুলাল চন্দ্রগাইন, শামসুদ্দোহা, রেজাউন নবী, শাজাহান আহমেদ বিকাশ, সোহানা শাহরীন, দিলরুবা লতিফ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তিতে চ্যানেল আইয়ের ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা’য় আজীবন সম্মাননা পেয়েছেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক। একই অনুষ্ঠানে রবীন্দ্র সম্মাননা পেয়েছেন রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহা।
সম্মাননা গ্রহণ করে মিতা হক বলেন, “তরুণ প্রজন্মের কাছে অনুরোধ রবীন্দ্র চর্চা যেন কমে না যায়।”
