২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারেই থাকতে হচ্ছে জেএমবির ফারুককে

পাঁচ বছর আগের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেএমবি সদস্য ওমর ফারুক ওরফে কাজী ফারুকের পক্ষে কারাগার বদলের আবেদন করা হলেও তা নাকচ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 08:52 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

ফারুক হিন্দু থেকে মুসলমান হয়েছেন, এ যুক্তি তুলে আইনজীবী ফারুক আহম্মেদ সোমবার তার জামিনের জন্য মৌখিকভাবে আবেদন করলেও তা আমলে নেননি বিচারক। 

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামসুন্নাহার এই আদেশ দেন।

এদিন ওমর ফারুককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তরের লিখিত আবেদন করা হয়।

আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে ফারুক আহম্মেদ বলেন, “ফারুকের ওই কারাগারে অসুবিধা হচ্ছে। তার স্ত্রী ও ছেলে মেয়ে কাশিমপুরে দেখা করতে পারছে না। যদি কাঙ্খিত আদেশ না দেন তবে তাকে জামিন দিয়ে দেন। কারণ সে হিন্দু থেকে মুসলামান হয়েছে।”

শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।

মামলার নথিপত্রে দেখা যায়, ২০১২ সালের ১৯ জুলাই ঢাকার উত্তরা ১০ নম্বর সেকটরের ২ নম্বর সড়কের ৩০ নম্বর বাড়ি থেকে ওমর ফারুকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ওমর ফারুকের আগের নাম ছিল অর্জুন। তার বাবার নাম মৃত কৃষ্ণা বাহাকুজ। বাড়ি দিনাজপুর জেলার পাবর্তীপুর থানার মজিবাজার পুরাধন বাজারে।

গ্রেপ্তারের পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের এসআই  এ বি এম কামরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বেজলা গ্রামের শামছুল হুদা ওরফে শামছু, দিনাজপুরের পার্বতীপুরের নিজামপুর দক্ষিণপাড়ার বদরুল ইসলাম, একই গ্রামের  মো. ফারুক ওরফে বাদশা ওরফে আবদুল্লাহ ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নিজামপুর দীঘিরপারের আবু বক্কর ওরফে আবুকে আসামি মামলা করেন।

দুই মাস পর এজাহারভুক্ত শামছু ও বাদশা ওরফে আবদুল্লাহকে বাদ দিয়ে অবশিষ্ট দুইজনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ডিবির পরিদর্শক আনিছুর রহমান। 

অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন- ঢাকার মোহাম্মদপুরের বছিলার শহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নাচোল নিজামপুর দক্ষিণপাড়ার ফটিক, একই এলাকার মুরগীডাঙ্গা গ্রামের আবদুল্লাহ ওরফে আবদুল্লাহ হেল কাফী ও ওমর ফারুফ ওরফে কাজী ফারুক।

মামলায় ২০১৩ সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ওই বছর এবং ২০১৬ সালে রাষ্ট্রপক্ষে বাদীসহ পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।

সোমবার কারাগার থেকে ওমর ফারুক ওরফে কাজী ফারুকসহ অন্য এক আসামিকে আদালতে হাজির করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাকসুদ।

বাকী আসামিদের মধ্যে জামিনে থাকা আবু বক্কর আবু হাজিরা দেন। জামিনে থাকা অন্যরা সময় নেন।