জেএমবি জঙ্গিদের মদদে বঙ্গবন্ধুর খুনির স্বজন: র্যাব
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা একজনের স্বজন নিষিদ্ধ সংগঠন জেএমবির জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে র্যাব।
রোববার ঢাকার আশুলিয়া থেকে নিষিদ্ধ সংগঠনটির সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তারের পর তাদের কাছে এই তথ্য পাওয়া যায় বলে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান।
আশুলিয়ায় গ্রেপ্তার দুজন হলেন ইমরান হোসেন (৩৪) ও রফিকুল ইসলাম জুনায়েদ (৪০)। ইমরানের বাড়ি ময়মনসিংহে, জুনায়েদের নেত্রকোনায়।
তাদের কাছে দুই বোতল সালফিউরিক এসিড, বিস্ফোরকে স্প্লিন্টার হিসেবে ব্যবহার উপযোগী পাঁচ প্যাকেট বল এবং প্রায় দেড় কেজি সালফার, পটাসিয়াম সদৃশ্য পাউডার পাওয়ার দাবি করেছে র্যাব।
মুফতি মাহমুদ খান
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের কার্যালয়ে মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, ইমরান ও জুনায়েদের সঙ্গে বঙ্গবন্ধুর ওই খুনির এক নিকটাত্মীয়ের সম্পর্ক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তিনি বলেন, “বিশেষ কারণে বঙ্গবন্ধুর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির নাম বলা যাচ্ছে না।”
বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রয়েছেন বলে শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় গত বছর নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।
নাম প্রকাশ না করলেও বঙ্গবন্ধুর খুনির ওই স্বজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানান মুফতি মাহমুদ।
“গ্রেপ্তার হওয়া দুই সদস্যর কাছ থেকে ওই আসামির নিকটাত্মীয় নাম পাওয়া গেছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।”
গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছেন, ওই ব্যক্তি তাদের অস্ত্র এবং বিস্ফোরক সরবরাহের আশ্বাস দিয়েছিলেন।
গত ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে গ্রেপ্তার জেএমবির এক নারী সদস্যের তথ্যের ভিত্তিতে আশুলিয়া থেকে ইমরান ও জুনায়েদকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব কর্মকর্তারা জানান।
উদ্ধার রাসায়নিক ও বিস্ফোরক
মুফতি মাহমুদ বলেন, তাদের সঙ্গে পাওয়া রাসায়নিক দ্রব্য সংগঠনের চাহিদার ভিত্তিতে সংগ্রহ করে রেখেছিল তারা।
তিনি বলেন, বিভিন্ন কেমিক্যালনির্ভর শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ইমরান ২০০১ সালে ফরিদ নামে এক লোক দ্বারা প্ররোচিত হয়ে হরকাতুল জিহাদ আল ইসলামীতে (হুজি) যোগ দিয়েছিলেন।
“২০১৪ সালের শুরুর দিকে সে জেএমবির প্রতি অনুরক্ত হয়ে যোগ দেয়। এর আগে সে চট্টগ্রামে এবং ময়মনসিংহে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করে বলে র্যাব জানতে পেরেছে।”
জুনায়েদও ইমরান সঙ্গে হুজিতে ছিলেন বলে র্যাবের দাবি।
মুফতি মাহমুদ বলেন, “সে বোমা তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত। ইমরানের মাধ্যমে রফিক ২০১৫ সালের শেষের দিকে জেএমবির অনুসারী হয়ে পড়ে।”
জুনায়েদ জঙ্গি কাজে বাহক হিসেবে নারী সদস্যদের ব্যবহার করতেন বলে র্যাবের দাবি। মুফতি মাহমুদ বলেন, তার দুই স্ত্রীও একাজে তাকে সহায়তা করত।
