২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানে আলমের বিরুদ্ধে ‘জালিয়াতির’ অভিযোগ ফরিদা পারভীনের

স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে দুইটি একক অ্যালবামের কপিরাইট স্বত্ব নেওয়ায় শিল্পী জানে আলমের বিরুদ্ধে কপিরাইট অফিসে অভিযোগ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী ফরিদা পারভীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 06:22 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

তবে এই অভিযোগ অস্বীকার জানে আলম বলেছেন, ফরিদা পারভীনের সঙ্গে তার চুক্তির কাগজপত্র রয়েছে। 

ফরিদা পারভীনের অভিযোগ, ‘নিন্দার কাঁটা’ ও ‘খাঁচার ভিতর অচিন পাখি’ নামের দুটি একক অ্যালবামের স্বত্ব নিতে জানে আলম তার স্বাক্ষর জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

ফরিদা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানে আলম আমার সাইন নকল করে অ্যালবাম দুটির স্বত্ব নিয়েছে কপিরাইট অফিস থেকে। তারপর তার থেকে নিয়ে অ্যালবাম দুটি এখন রবি ইয়ন্ডার অ্যাপসে বাজাচ্ছে। কিন্তু তার সঙ্গে আমার কোনো চুক্তিই হয়নি। অনেকদিন পরে আমার ব্যাপারটি দৃষ্টিগোচর হয়।”

জানে আলমের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি তার কপিরাইট স্বত্ব বাতিলের আবেদন করবেন বলে জানান তিনি।

তিনি জানান, তার এ দুটি অ্যালবামের স্বত্ব ডন টেপ ইন্ডাস্ট্রির বাবুল চৌধুরীর।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, ২০০৪ সালের ১৫ জুলাই ৫০ টাকার স্ট্যাম্পে এ দুটি অ্যালবামে নিজের স্বত্ব দাখিল করে নেন জানে আলম। দোয়েল প্রডাকশনের ব্যানারে জানে আলম এই আবেদন করেছিলেন।

অভিযোগ অস্বীকার করে শিল্পী জানে আলম বলেন, “ফরিদা পারভীন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এটা হান্ড্রেড পারসেন্ট বাটপারি। তিনি মনে করছেন, আমাকে উকিল নোটিস পাঠিয়ে বা পত্রিকায় নিউজ করে আমাকে পথে নামাবেন। আমি হলফ করে বলতে পারি, তার সঙ্গে চুক্তির সব কাগজপত্র রয়েছে আমার।”

ফরিদা পারভীনের গাওয়া ৪৬টি গান তিনি ‘নতুনভাবে’ সংগীতায়োজন করে তার গানের মেধাস্বত্ব বাবদ ‘বিরাট অঙ্কের’ টাকা দিয়েছেন বলে দাবি জানে আলমের।

তকে ঠিক কবে ফরিদা পারভীনের সঙ্গে তার চুক্তি হয়েছে তা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি।

“আমার সাথে চুক্তি আছে তার। আমি চাইলে সব মোবাইল কোম্পানিতে তার গাওয়া গানগুলো দিতে পারি। এক্ষেত্রে তো তার আপত্তি করার কথা না।”

কথার একপর‌্যায়ে কপিরাইটের ইস্যুটি নিয়ে প্রতিবেদন না করতেও তিনি এই প্রতিবেদককে অনুরোধ করেন।

জাফর রাজা চৌধুরী জানান, ফরিদা পারভীনের অভিযোগ দায়েরের পর কপিরাইট বোর্ডে একটি শুনানি হবে। সেখানে দোষী প্রমাণিত হলে জানে আলমের কপিরাইট স্বত্ব বাতিল করা হবে। শাস্তি হিসেবে জানে আলমের সর্বোচ্চ চার বছর, সর্বনিম্ন দুই বছরের জেল হতে পারে। সে সঙ্গে অর্থদণ্ড হিসেবে সর্বোচ্চ ২ লাখ বা সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।

জানে আলমের বিরুদ্ধে এক অনুসন্ধানে আরও ১৬ শিল্পীর গান অনুমতি ছাড়া ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

১৬ শিল্পীর মধ্যে প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু, এসডি রুবেল, ডলি সায়ন্তনী, মনির খান, বেবী নাজনীনের মতো শিল্পীরা রয়েছেন।

কপিরাইট বোর্ডে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবেন বলেও জানান জাফর রাজা।

এদিকে ফরিদা পারভীনের অ্যালবামের স্বত্ব নিয়ে জানে আলমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মোবাইল ফোন অপারেটর রবির হেড অব কমিউনিকেশনস ইকরাম কবির বলেন, “আমরা এখনও এই বিষয়ে জানি না। জেনে বলতে পারব।”