বুদ্ধকে নিয়ে কটূক্তি: জনকণ্ঠ সাংবাদিকের গ্রেপ্তার দাবি
বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধকে নিয়ে কটূক্তি করে সংবাদ প্রকাশের অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৌদ্ধদের ধর্মাবলম্বীদের একাধিক সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বৌদ্ধ সংহতি পরিষদের আয়োজনে মানববন্ধন থেকে জনকণ্ঠের প্রতিবেদক ফিরোজ মান্নাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
ছাপা হওয়া ওই প্রতিবেদন প্রত্যাহার না করলে পত্রিকাটি বর্জনের হুমকিও দেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
গত ২৪ এপ্রিল দৈনিক জনকণ্ঠে ‘পার্বত্য এলাকায় নতুন অশান্তি সৃষ্টি চেষ্টার ভাবনা কেন্দ্র’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।এর পর দৈনিক ইত্তেফাক ও মানবজমিনসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে একই ধরনের সংবাদ ছাপা হয়।
জনকণ্ঠের ওই প্রতিবেদনে গৌতম বুদ্ধকে ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন বৌদ্ধ ধর্মের কয়েকশ অনুসারী।
বাংলাদেশ বৌদ্ধ সংহতি পরিষদের সহ-সমন্বয়ক অভিজিৎ বড়ুয়া অভি মানববন্ধনে বলেন, একটি মহল ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে।
“গৌতম বুদ্ধের মতো মহাপুরুষকে নিয়ে কটাক্ষ করে বৌদ্ধ মতাদর্শে বিশ্বাসীদের মনে আঘাত করেছে।”
ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভিক্ষু সুনন্দ্র প্রিয় বলেন, “বৌদ্ধ পূর্ণিমার প্রাক্কালে গৌতম বুদ্ধকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করায় বৌদ্ধ সমাজ মর্মাহত ও ক্ষুব্ধ। হলুদ সাংবাদিক ফিরোজ মান্না সাম্প্রদায়িকতা সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই রিপোর্ট ছাপিয়েছেন।”
“বৌদ্ধ পূর্ণিমার আগেই এই রিপোর্ট প্রত্যাহার করতে হবে।নইলে এই পত্রিকা বর্জন করতে বাধ্য হব।”
ফিরোজ মান্না দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতা স্বপন বড়ুয়া।
বাংলাদেশ বৌদ্ধ সংহতি পরিষদের সমন্বয়ক শুভ বড়ুয়া ফিরোজকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তার শাস্তি দাবি করেন।
মানববন্ধনে একটি সংবাদ বিজ্ঞপ্তি পড়ে শোনান বাংলাদেশ বৌদ্ধ সংহতি পরিষদের প্রেস সচিব সৈকত বড়ুয়া।
তিনি বলেন, “হলুদ সাংবাদিকতার মাধ্যমে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টকারী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরূপ সংবাদ প্রচারকারী এবং প্রচার মাধ্যমের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”
গৌতম বুদ্ধকে নিয়ে কয়েকটি পত্রিকার ‘অপপ্রচারের’ বিরুদ্ধে সরকার ও প্রশাসনের বিবৃতি দাবি করেন সৈকত।
“সাম্প্রদায়িক উসকানির মধ্যে দিয়ে বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বিনষ্ট করার উদ্দেশ্যে লিপ্ত সকল দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের সুদৃঢ় পদক্ষেপের দাবি জানাই।”
বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতা সুমন বড়ুয়া সরকারের উদ্দেশ্যে বলেন, “দুই-একজন কুলাঙ্গারকে আইনের শাসন দিয়ে বুঝিয়ে দিন, আমরা দৃশ্যমানভাবে তা দেখতে চাই।”
বৌদ্ধ ধর্মের অনুসারীসহ সব সংখ্যালঘুদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ারও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
