হাওরে কৃষকদের ঋণ মওকুফ করে বিনাসুদে ফের ঋণ দেওয়ার দাবি
অসময়ের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কৃষকদের ফসলহানি হওয়ায় হাওর এলাকার মানুষের জীবনযাত্রার জন্য আগামী ফসল না আসা পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি উঠেছে রাজধানীর একটি সমাবেশ থেকে।
শুক্রবার বিকেলে শাহবাগে ‘হাওরের পাশে বাংলাদেশ’ ব্যানারে এক গণসমাবেশে থেকে এ দাবি জানায় বিভিন্ন বাম সংগঠনের নেতা ও সুধীজনেরা।
সমাবেশের বক্তব্যে এবার অকাল বন্যায় হাওরে ২৬ থেকে ২৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও মাত্র তিন লাখের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে দাবি করে এর সমালোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, “আমাদের পরিষ্কার দাবি, ক্ষতিগ্রস্ত লোক ২৭ লাখ হোক আর ৩০ লাখ হোক, হাওরের প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষকে আগামী ফসল না ওঠা পর্যন্ত তাদের খাওয়া-পরার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে।”
তাদের ক্ষতি মেটাতে অর্থের সংকটে পড়লে সেটা ধনীদের কালোটাকা থেকে মেটানোর প্রস্তাব করেন সিপিবি সভাপতি।
“প্রশ্ন আসতে পারে, টাকা কোথায় পাব? অর্থমন্ত্রীর ভাষায়, আমাদের এখানে কালোটাকা বা অপ্রদর্শিত আয় জিডিপির প্রায় ৮০ শতাংশ। যদি তাই হয়, তাহলে সমস্ত কালোটাকা বাজেয়াপ্ত করেন। এর একভাগও হাওরের মানুষের জন্য বরাদ্দ করা হলেও আগামী মওসুম পর্যন্ত তাদের বাঁচিয়ে রাখা সম্ভব বলে আমরা মনে করি।”
তিনি বলেন, “মানুষকে বাঁচাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন কোনো দানব যেন তাদের উপর হামলা করতে না সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।”
হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির সমালোচনা করে সিপিবি সভাপতি বলেন, “কোটি কোটি বাজেট আনার জন্য প্রতিবারই বাঁধ নরম করে তৈরি করে, যাতে ওটা পানির তোড়ে ভেঙে যায় এবং পরের বছর নতুন বাজেট আসে। সমস্ত টাকা, রেহমান সোবহানের হিসাব অনুযায়ী ৭৫ ভাগের কোনো উপকার হয় না। দুর্নীতিবাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দায়ী এটার জন্য।”
“পরিত্রাণ পাওয়ার জন্য যে ব্যবস্থা গড়ে উঠেছে, সেই ব্যবস্থার পরিবর্তনের সংগ্রাম করতে হবে। মানুষের অধিকার আদায়ের পথ প্রশস্ত হয়, এমন শাসন কায়েম করতে হবে। আমরা স্থায়ী সমাধান চাই।”
তিনি বলেন, “আজকে হাওর সমস্ত বাংলাদেশের মুখচ্ছবি। হাওরের দিকে তাকালে আমরা বুঝতে পারব, এখানকার মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ কেমন আছে। আজকে রানা প্লাজার ধসের কথা মনে করলে দেখতে পাব, কৃষকের সন্তান যারা শ্রমিক হয়েছে, তাদের কী অবস্থা।”
সেই মেহনতি মানুষরাই দেশকে টিকিয়ে রেখেছে মন্তব্য করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “কিন্তু তারা কারখানায় মরছে, হাওরে মরছে; ধুঁকছে। আসল ঘটনা হচ্ছে উন্নয়নের জোয়ারে আমাদের হাওর ডুবছে, কারখানা ডুবছে।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, “হাওর এলাকার মানুষগুলোকে বাঁচানোর জন্য দীর্ঘমেয়াদে কী করা যায়, সেটা নিয়ে এখনই পদক্ষেপ নিতে হবে। বিপর্যস্ত অবস্থা থেকে তাদের রক্ষা করতে হবে। তাদের অধিকার বুঝে নিতে হবে কড়ায়-গণ্ডায়।”
সমাবেশে ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, “আমরা দেখেছি, ২০ দিন ধরে শনির হাওরের এলাকার মানুষ বাঁধ টেকানোর জন্য সংগ্রাম করেছে, বাঁধ পাহারা দিয়েছে। কিন্তু তারা সেটা রক্ষা করতে পারেনি।
“এই সময়ে সরকার কেন সেখানে যায়নি? আমাদের সেনাবাহিনীর দুর্যোগের সময় দক্ষতার কথা বলা হয়, তারা কেন ওই মানুষদের পাশে দাঁড়ায়নি।?
সমাবেশে অন্যদের মধ্যে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচি অধ্যাপক আনু মুহাম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।
