রাজধানীতে গলায় ফাঁস লাগানো গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত গৃহবধূ মণীষার (২৫) লাশ উদ্ধারের পর থেকে তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে দক্ষিণখানের দেওয়ানবাড়ি রোডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উত্তরা থানার ওসি তপন চন্দ্র সাহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসার বাথরুমের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে ফাঁস নেওয়া অবস্থায় মণীষাকে পাওয়া যায়।
“সেখান থেকে উদ্ধার করে রাতেই টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামীকে পাওয়া যায়নি জানিয়ে তপন বলছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, কোনো মামলাও করা হয়নি।
