রেলপথ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব
রেলপথ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া সচিব পদমর্যাদার আরও দুই কর্মকর্তার দপ্তর বদল করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) অপরূপ চৌধুরীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা মাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোফাজ্জেল হোসনকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মাফরুহা সুলতানা পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব।
এই তিন দপ্তরের সচিবদের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তারা অবসরোত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) এম আসলাম আলমকে বিপিএটিসির রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
