২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপ্যায়ন ভাতার দাবিতে ইসির কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

নির্বাচনকালীন আপ্যায়ন ভাতা ফের চালুর দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 04:58 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

বুধবার সকাল ১০টায় কর্মবিরতি শুরুর দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সময় কর্মকর্তা ও কর্মচারীরা আপ্যায়ন ভাতা পান। কিন্তু কিছুদিন আগে হওয়া কুমিল্লা সিটি করপোরেশন, গাইবান্ধা ও সুনামগঞ্জ উপ-নির্বাচনে তা বন্ধ করে দেওয়া হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টায় ‍দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার ঘোষণা দেন তারা। এসময় পুরো নির্বাচন ভবনে দাপ্তরিক কাজে অচলাবস্থা দেখা দেয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ঐক্য পরিষদের সভাপতি আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে নির্বাচনের সময় ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আপ্যায়ন ভাতা পেয়ে এসেছেন।

Image
আপ্যায়ন ভাতার দাবিতে বুধবার কর্মবিরতির সময় নির্বাচন ভবনের ভেতর ইসি সচিবালয়ের কর্মচারীরা

আপ্যায়ন ভাতার দাবিতে বুধবার কর্মবিরতির সময় নির্বাচন ভবনের ভেতর ইসি সচিবালয়ের কর্মচারীরা

“কিন্তু বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে সেই ভাতা বন্ধ করে দেওয়া হয়। অথচ এতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে।”

উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তা এ ব্যাপারে কমিশনকে ‘ভুল বুঝিয়েছে’ বলে দাবি করেন আবু তালেব।

ঐক্য পরিষদের মহাসচিব ওসমান গনি জয় জানান, বিক্ষোভ শুরুর পর কর্মকর্তা-কর্মচারীরা সিইসি ও ইসি সচিবের সঙ্গে দেখা করেন। সিইসি আপ্যায়ন ভাতা ফের চালুর আশ্বাস দিলে বিক্ষোভরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী ১২টার পর কাজে ফেরেন।

ওসমান গনি বলেন, গত কয়েকটি নির্বাচনের সময়ের আপ্যায়ন ভাতার বিল জমা দেওয়া হলেও তাতে এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি।

“ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া না পাওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হন কর্মকর্তা-কর্মচারীরা।”