২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি: সুশাসন অর্জনে গণমাধ্যম সহায়ক ‘আইনি পরিবেশ’ চায় টিআইবি

টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজির সুশাসন সংক্রান্ত লক্ষ্য অর্জনে গণমাধ্যম সহায়ক আইনি পরিবেশ নিশ্চিত করার দাবি উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবির একটি সংলাপে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 08:30 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

মঙ্গলবার রাজধানীতে টিআইবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সংলাপে এ দাবি তুলে উঠে আসে বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, রেডিওকে সংবাদ প্রকাশের সুযোগ দেওয়া, জনগণকে তার অভিমত প্রকাশের সুযোগ দেওয়া, গণমাধ্যমকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা না করা, ইন্টারনেট বা ফেইসবুক বন্ধের মত উদ্যোগ না নেওয়া এবং গণমাধ্যমকে ‘পাবলিক গুড’ হিসেবে বিবেচনা করার মত পরামর্শ দেন আলোচকরা।

সংলাপের সভাপতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য এটিএম শামসুল হুদাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুশাসন বিষয়ক লক্ষ্য অর্জনে সরকার, গণমাধ্যম ও জনগণের মধ্যকার আন্তঃসম্পর্ক বিশ্লেষণপূর্বক একটি বাস্তবায়ন কাঠামো এবং সকল পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া চূড়ান্ত করে সে অনুযায়ী কাজ করতে হবে।”

একইসঙ্গে পেশাজীবী সংগঠনগুলো তাদের নীতি নৈতিকতার মান নির্দিষ্ট করে তা মেনে কার্যক্রম পরিচালিত করলে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ঝুঁকি হ্রাস পাবে বলে মন্তব্য করেন তিনি।

সংলাপে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বিদ্যমান নানা ধরনের সামাজিক, রাজনৈতিক ও পেশাজনিত চাপ, হুমকি, অসহযোগিতা, বাধা-বিপত্তি, স্বআরোপিত সেন্সরশিপ ইত্যাদি মোকাবেলা করে গণমাধ্যম কর্মীদের যেমন এগিয়ে যেতে হবে। পাশাপাশি এ সকল বাধা-বিপত্তি সরিয়ে গণমাধ্যমের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতে জনগণ ও সরকারকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সংলাপের মূল প্রবন্ধে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক রিজওয়ান-উল-আলম বলেন, “সাংবাদিকরা যেন সঠিক সময়ে তথ্য পেতে পারেন ও তথ্যের যথার্থতা যাচাইয়ের সুযোগ পান এমন একটি সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।

“এসডিজির সুশাসন বিষয়ক ‘টেকনিক্যাল পরিভাষা’কে জনগণের সহজবোধ্য ভাষায় ছড়িয়ে দিতে হবে, সুশাসনের চাহিদা সৃষ্টিতে গণমাধ্যমের তাৎপর্যময় ভূমিকা পালনে যোগাযোগের উপযোগী অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সরকারের উন্নয়ন যোগাযোগ কৌশল প্রণয়ন করতে হবে।”

‘এসডিজি-১৬ ও সুশাসন: সরকার, গণমাধ্যম ও জনগণ’ শীর্ষক সংলাপে অন্যদের মধ্যে গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর এবং সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম বিশ্লেষক আফসান চৌধুরী বক্তব্য দেন।