সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত জানান।
পরে শুরু হওয়া অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন স্পিকার। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- তাজুল ইসলাম, তালুকার মো. ই্উনূস, নজরুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম এবং সফুরা বেগম।
এরপর স্পিকার সাবেক সংসদ সদস্য নূরুল হুদা, এ এ মারুফ সাকলান, ধরেন্দ্র নাথ সাহা, কেএম আবদুল খালেক চন্টু, কাজী মো. আনোয়ার হোসেন, এহসান আলী খান এবং আহসান আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন।
এছাড়া ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলাল অন্যতম আসামি মাহফুজুল বারী, সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, ভাষা সৈনিক খাজা জহিরুল হক, শিল্পপতি মির্জা আলী বেহরুজ ইস্পাহানি, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আসাদোজ্জামান, জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের স্ত্রী জাহানার জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এটিএম জহুরুল হক, সাংবাদিক সিদ্দিক আহমেদ, ইংরেজি দৈনিক ডিইলি সানের সম্পাদক আমির হোসেন, সংগীত শিল্পী লাকী আখান্দ, সুরকার ও সংগীত পরিচালক কুটি মনসুর, চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে ও আফগানিস্তানের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা এবং দেশে-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক করা হয়।
পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত
সংসদের শুরু হওয়া অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটি এ সিদ্ধান্ত নেয়।
সংসদ সচিবালয়ে থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল ৫টা থেকে সংসদের বৈঠক বসবে।
বৈঠকে প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।
এতে অন্যদের মধ্যে কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক উপস্থিত ছিলেন।
