২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়-বাদলে বিমানযাত্রায় বিঘ্ন

প্রতিকূল আবহাওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 10:37 PM

Updated : 11 Apr 2022, 11:29 PM

সোমবার সন্ধ্যায় ঢাকায় কালবৈশাখী ঝড়ের পর রাতে কয়েকটি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাগামী বিজি ০৩৫ ফ্লাইটটি রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছাড়ে সোয়া ৯টায়।

এছাড়া ঢাকা থেকে মাস্কাটগামী বিজি০২১ ফ্লাইটটি রাত ৮টা ১০ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও তা ছাড়তে সোয়া এক ঘণ্টা দেরি হয়।

মালিন্দ এয়ারলাইন্সের হজরত শাহজালালের স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়ালালামপুর থেকে রাত ১০টায় একটি ফ্লাইট ঢাকায় এলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা নামতে পারছিল না।

ঢাকার মতো চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও বিমান চলাচল ব্যাহত হচ্ছে।  

রিজেন্ট এয়ারওয়েজের বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে এম জাফরউজ্জামান বলেন, প্রতিদিন রাত ৮টায় চট্টগ্রাম থেকে ঢাকায় তাদের একটি ফ্লাইট চলে। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে সেটা চট্টগ্রাম থেকে ঢাকা আসতে কিছুটা দেরি করছে। 

সোমবারও রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ওই ফ্লাইটটির রওনা হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা রাত ১০টায়ও যাত্রা করতে পারেনি। 

ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রাত ১০টায় চট্টগ্রাম থেকে রওনা হওয়া ফ্লাইটটির বৃষ্টির কারণে ঢাকায় দেরিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। 

এবার এপ্রিলে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে। মে মাসের প্রথম দিনেও ঝড়-বৃষ্টি হয়েছে নানা স্থানে।