শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনা উদ্ধার
হজরত শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে সাত কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে কলকাতা থেকে আসা উড়োজাহাজটির একটি সিটের নিচে এই সোনা পাওয়া যায় বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটের নিচে একটি ব্যাগে ৬টি হলুদ টেপ মোড়ানো বান্ডিলে প্রতিটিতে ১০টি করে মোট ৬০টি সোনার বার পাওয়া যায়।”
প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। উদ্ধার সোনার মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম, যার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
মধ্যপ্রাচ্য থেকে আসা বিভিন্ন ফ্লাইটে চোরাই সোনা পাওয়া গেলেও ভারত থেকে আসা উড়োজাহাজে সোনা উদ্ধারের ঘটনা সচরাচর দেখা যায় না।
