ব্যবহৃত হবেন না: গার্মেন্টকর্মীদের চুমকি
দেশের পোশাক খাতের স্বার্থে আন্দোলনের নামে কেউ যাতে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে গার্মেন্টকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে শুক্রবার বিকালে নারী অধিকার সংগঠন ‘কর্মজীবী নারী’র রজতজয়ন্তি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, “গার্মেন্টে যারা কাজ করছেন, তারা তাদের অধিকার আদায়ে অবশ্যই আন্দোলন করবেন। কিন্তু এমন কোনো আন্দোলন আপনারা করবেন না, যেটায় আপনারা ব্যবহৃত হন।
“সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। অনেক সময় ‘ভাইদের’ কথায় আপনারা বুঝে-না বুঝে আন্দোলন শুরু করে দেন।”
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গার্মেন্টকর্মীদের বেতন ‘তিন গুণ’ বাড়ানোর কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “কিন্তু এখনই যদি আপনারা বলেন আরও কিছু আপনাদের দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদেরও সমস্যা তৈরি হবে। গার্মেন্ট সেক্টরেও সমস্যা তৈরি হবে।
মেধাবৃত্তিক নারীর সংখ্যা বাড়লে কর্মজীবী নারীর উন্নয়ন হবে মন্তব্য করে তানি বলেন, “যেসব জায়গায় দেশের বিভিন্ন নীতি নির্ধারণ হয়, সেসব জায়গায় নারীর অংশগ্রহণ বাড়লেই নারীদের ভাগ্যের পরিবর্তন হবে।”
অনুষ্ঠানে ‘কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংসদ শিরীন আখতার নারীদের সামাজিক বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
‘কর্মজীবী নারী’র সভাপতি প্রতিমা পাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
