২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ

গৃহশ্রমিকদের উপর নির্যাতন রোধে প্রচারণার মাধ্যমে সচেতনতা বাড়ানোর তাগিদ এসেছে রাজধানীতে এক আলোচনা সভা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2017, 02:59 AM

Updated : 11 Oct 2022, 01:55 PM

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়নের এক বৎসর: গৃহশ্রমিকদের অবস্থা ও উন্নয়নে করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।

আলোচনা সভায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, “সমাজের গুরুত্বপূর্ণ কাজ যারা করছে, তারা সেই কাজগুলো করতে পারছে গৃহশ্রমিকদের কল্যাণে। কেননা গৃহশ্রমিকরা তাদের বাসার কাজটি করে দিচ্ছে। কিন্তু এই গৃহশ্রমিকদের গুরুত্বটা সমাজ কি বুঝছে?”

গৃহকর্মীদের নির্যাতনের মাধ্যমে পুরো সমাজই সহিংস পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।

“একটি শিশুর সামনে যখন অন্য একটি শিশুকে (গৃহকর্মী) পেটানো হয়, সেটি দেখে ওই শিশুটির আচরণও সহিংস হয়ে ওঠে। তাদের মধ্যে তখন যে কাউকে পেটাতে পারার এক ধরনের প্রবণতা তৈরি হয়।”

এই কর্তৃত্বের মনস্তত্ব থেকেই রাজধানীতে কিশোররা সহিংস হয়ে উঠছে বলে মনে করেন রতন।

গৃহশ্রমিকদের নির্যাতন প্রতিরোধে সর্বস্তরে প্রচারণা বাড়ানো ও পর্যবেক্ষণ করা, স্থানীয়ভাবে প্রতিবাদ করা, নির্যাতনকারীদের শাস্তি প্রদান ও দারিদ্র্য দূরীকরণের সুপারিশ করেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, “গৃহশ্রমিক নির্যাতন রোধে শুধু সামগ্রিকভাবে নয়, অঞ্চল ধরে ধরে সচেতনতা বাড়াতে হবে।

“গৃহশ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদের সচেতন করতে হবে। কেননা অনেক পেশাজীবীর বাসায়ই তারা কাজ করছে।"

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে গঠিত মনিটরিং সেলের কার্যক্রমও মনিটরিং করতে হবে। আসলেই তারা অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে কি না তাও দেখা উচিত।”

আলোচনা সভায় অংশ নিয়ে সাভারে গৃহশ্রমিকের কাজ করা ৩৮ বছর বয়সী সুবলা তার উপর নির্যাতনের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “৩০ বছর ধরে আমি গৃহশ্রমিকের কাজ করেছি সাভারের এক বাসায়। আমাকে বিয়ে দেওয়ার কথা ছিল, চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি।

“যখন টাকা-পয়সা চাই, তখন আমাকে বের করে দেয় ১ হাজার টাকা দিয়ে। ভোটার আইডি কার্ডও রেখে দেয়।”

ছোটবেলায় তাকে মারধর করা হত জানিয়ে সুবলা বলেন, “বাবা খোঁজ নিলে বলত, তোমার মেয়ে ভালো আছে। আসতে হবে না।

“এত বছর তার বাসায় কাজ করলাম, তার বাচ্চাকে কষ্ট করে মানুষ করলাম। কিন্তু সে আমার সাথে কী করল?”

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক সমীক্ষা তুলে ধরে জানানো হয়, ২০১৬ সালে কর্মক্ষেত্রে নির্যাতন ও দুর্ঘটনায় ২৬ জন গৃহশ্রমিক মৃত্যুবরণ করেছে। আর আহত হয়েছে ৪২ জন। আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৫টি, এছাড়াও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে চারজন গৃহশ্রমিক।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে উপস্থাপিত সমীক্ষাটি উপস্থাপন করেন বিলসের এডভোকেসি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম।

বিলসের যুগ্ম মহাসচিব মো. জাফরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) ইসরাত হোসেন খান, ব্লাস্টের উপ-পরিচালক বরকত আলী, অক্সফামের প্রতিনিধি রোকসানা আক্তার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি ফাহমিদা আক্তার, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল।