২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সপ্তাহব্যাপী নৃত্যোৎসব শুরু

মুক্তিযুদ্ধের পূর্বাপর নানা আন্দোলনে নৃত্যশিল্পীদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে নৃত্যশিল্পী লায়লা হাসান বলেছেন, নাচ শুধু বিনোদন নয়, সমাজ বদলের একটি আন্দোলনও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2017, 12:25 AM

Updated : 11 Oct 2022, 01:55 PM

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সপ্তাহব্যাপী নৃত্যোৎসবের উদ্বোধনী আসরে এসে তিনি একথা বলেন।

২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশিল্পী সংস্থার আয়োজনটি শুরু হয় রোববার বিকাল ৫টায়। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজা থেকে নৃত্যশিল্পীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি চিত্রশালা প্লাজা থেকে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এসে শেষ হয়।

পরে সেখানে হয় উদ্বোধনী অনুষ্ঠান।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ নৃত্যোৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী আমানুল হক, লায়লা হাসান ও সংস্থার সভাপতি মিনু হক।

উদ্বোধনী আসরে বিশেষ অতিথির ভাষণে নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা লায়লা হাসান বলেন, “সংস্কৃতি হল দেশ বদলের হাতিয়ার। এই সংস্কৃতির অন্যতম উপাদান হল নাচ। নাচ জীবনের কথা বলে, বলে সমাজের কথা।”

বাংলাদেশে নারী জাগরণ ও তাদের অর্থনৈতিক মুক্তির পথে নাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “নাচ তরুণী-নারীদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশেও ভূমিকা রাখে। কলুষিত এক সমাজে নাগরিকদের সজাগ করে তুলে নাচ। সাম্প্রদায়িকতার কালো থাবার বিরুদ্ধে লড়াই করতে উজ্জ্বীবিত করে নাচ।”

নৃত্যোৎসবের উদ্বোধন করে গোলাম কুদ্দুছ বলেন, “জীবনের নান্দনিক উপাদান খুঁজে পাই শিল্পকলায়। নৃত্যে এসে আমি খুঁজে পাই আমার আত্মপরিচয়ের ঠিকানা।”

মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নৃত্যশিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার বিনির্মাণে শিল্প চর্চার বিকল্প নেই। নৃত্যশিল্পীরাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন। এই আন্দোলনের মধ্য দিয়ে শিল্পীরা তাদের অধিকার বুঝে নেবেন।”

নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত নৃত্যমেলা ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।  প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন নৃত্যসংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনায় হবে নৃত্যানুষ্ঠান।

২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এ উৎসবের সমাপনী আয়োজন। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ বছর নৃত্য দিবসের সম্মাননা জানানো হবে নৃত্যজন ইলিয়াস হায়দারকে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর নৃত্যানুষ্ঠানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত নাচের দল তাদের পরিবেশনা তুলে ধরে। এর মধ্যে ছিল স্পন্দন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, পল্লবী ড্যান্স সেন্টার, ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র, কত্থক নৃত্য সম্প্রদায়, আজিজ রেজা ড্যান্স সেন্টার।