বুলুসহ বিএনপির ২৯ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
নাশকতার একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ দলটির ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
রোববার ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইবুনালের (মহানগর দায়রা জজ) বিচারক কামরুল হোসেন মোল্লা রাজধানীর মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
বিএনপি নেতা-কর্মীদের মধ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাইফুল ইসলাম নীরবও রয়েছেন।
আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সে বিষয়ে প্রতিবেদন ট্রাইবুনালে জমা দেওয়ার জন্য আগামী ২৩ জুন তারিখ ঠিক করা হয়েছে।
২০১৫ সালের ২৩ জানুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধ কর্মসূচি চলার সময় নাশকতার অভিযোগে এসআই মেজবাহ উদ্দিন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন।
মামলাটিতে গত বছরের ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন এস আই নূর ইসলাম শিকদার।
ফখরুলের মামলায় শুনানি হয়নি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পল্টন থানার একটি নাশকতার মামলায় রোববার অভিযোগ গঠনের শুনানি হয়নি।
আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ জুন নতুন দিন ঠিক করেছেন।
আসামিপক্ষে সময়ের আবেদনকারী আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মওদুদ আহমদ, আব্দুল্লাহ আল নোমান ও হাবিব উন নবী খান সোহেল অসুস্থ থাকায় সময়ের আবেদন করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় ওই দিনই পল্টন থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল হক ২০১৫ সালের ১১ মে মামলাটিতে আদালতে অভিযোগত্র জমা দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।
