২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল-সবুজ পতাকায় শেষ বিদায় লাকী আখান্দকে

একাত্তরের কণ্ঠযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান দিয়ে শেষ বিদায় দেওয়া হল শিল্পী-সুরকার লাকী আখান্দকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2017, 06:02 PM

Updated : 11 Oct 2022, 01:53 PM

পুরনো খবর:

লাকী আখান্দ: নতুন দেশের তারুণ্যের সুর

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে বৃষ্টির মধ্যে প্রায় কাকভেজা হয়েও ফুল হাতে ছিলেন অনেকে।

শ্রদ্ধা জানানোর পর লাকী আখান্দের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিকাল পৌনে ৩টায় তাকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

আগামী সোমবার বাদ আসর আরমানিটোলার বাসায় কুলখানি হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

‘এই নীল মণিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’- এর মতো জনপ্রিয় সব গানের স্রষ্টা লাকী আখান্দ ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার মারা যান।

শনিবার আরমানীটোলা মাঠে জানাজার পর প্রয়াত শিল্পীর কফিন নেওয়া হয় শহীদ মিনারে।

সকাল ১১টায় ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার দেয় এই স্বাধীনতা সংগ্রামীকে। উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারপ্রাপ্ত সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান।

আসাদুজ্জামান নূর বলেন, গোটা বাঙালি জাতি আজ তার বিয়োগব্যথায় ব্যথিত। অসাধারণ এক সৃজনশীল শিল্পী ছিলেন তিনি।

“তিনি যে বয়সে সংগীতের কাজ শুরু করেছিলেন, সে বয়সে মানুষ শেখে। কিন্তু তিনি সে সময় অন্যকে গান শেখাতে শুরু করেছিলেন।”

লাকী আখান্দের সৃষ্টিকর্মগুলো আরও অনেকদিন পাওয়ার ইচ্ছা ‘অপূর্ণ রয়ে গেল’ বলে আফসোস ঝরে সংস্কৃতিমন্ত্রী নূরের কণ্ঠে।

“তার কাছ থেকে বাংলাদেশ আরও কিছু পেতে পারত। কিন্তু তা আর হল না, অপূর্ণতা রয়ে গেল। তবে যেটুকু আমরা পেয়েছি, তা অনেক বড় পাওয়া। ক্ষণজন্মা লাকী আখান্দ বেঁচে থাকবেন তার সৃজনছন্দে।”

প্রয়াত শিল্পীর কন্যা মাম্মিন্তি নূর আখান্দের উদ্দেশে মন্ত্রী বলেন, “তার কাজকে স্মরণীয় করে রাখতে পরিবারের কোনো প্রত্যাশা থাকলে, তা জানালে আমরা সাধ্যমতো চেষ্টা করব। আর এটা হবে বন্ধুর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন।”

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রয়াত লাকী আখান্দকে ‘গণমানুষের শিল্পী’ আখ্যা দিয়ে বলেন, তিনি গোটা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছিলেন।

“বক্ষে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিল্পী গানের জগতে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেছিলেন। তার স্মৃতি সংরক্ষণে তথ্য মন্ত্রণালয়ের করণীয় কিছু থাকলে নিশ্চয়ই তা করব আমরা।”

বাংলাদেশ বেতারের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে উপ-পরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ বলেন, লাকী আখান্দের মৌলিক গানগুলো বাংলাদেশ বেতারে রেকর্ড করা হয়েছে। সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে।

আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপির নেতৃত্বে একটি দল শ্রদ্ধা জানায়। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার দলের পক্ষ থেকে আসেন শ্রদ্ধা জানাতে।

তিনি বলেন, “গানের ভুবনে তার (আখান্দ) যাত্রা শুরু হয়েছিল মাত্র ১৪ বছর বয়সে।এত কম বয়সে সুরকার হিসেবে এইচএমভির মতো রেকর্ড লেভেল কোম্পানিতে তালিকাভুক্ত হওয়া তো চাট্টিখানি কথা নয়।

“তারপর কী যে হল গান শুধু গান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাংলা আধুনিক গানকে এনে দিলেন নতুন মাত্রা। গানকে সঙ্গী করে কেটে গেল তার সারাটা জীবন।”

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকও শ্রদ্ধা জানাতে সেখানে আসেন।

আনিসুল হক বলেন, বন্ধু লাকী আখান্দ তার সুরে-ছন্দে বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ যুব মৈত্রী, জাসাস, বাংলাদেশ বেতার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, নাট্য সংগঠন প্রাচ্যনাট, শিল্পীত, ঋষিজ ও আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করে। 

শিল্পী, গীতিকার ও সুরকার ফকির আলমগীর, তিমির নন্দী, খুরশিদ আলম, আকরামুল ইসলাম, নকীব খান, আসিফ ইকবাল, কাজী হাবলু, ফুয়াদ নাসের বাবু, শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল ও লেখক শাকুর মজিদ শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে সৈয়দ হাসান ইমাম বলেন, মুক্তিযুদ্ধের পরে ৭২-৭৩ সালে বাংলা আধুনিক গানের অসাধারণ সব সুর তৈরি করেছিলেন লাকী আখান্দ।

নকীব খান বলেন, আধুনিক বাংলা গানে এক ভিন্ন ধারার জন্ম দিয়েছিলেন লাকী আখান্দ।

“চলচ্চিত্র অঙ্গনের বাইরে এত জনপ্রিয় গান আর কেউ আমাদের উপহার দিতে পারেননি। কিন্ত আমরা তার সঠিক মূল্যায়ন করতে পারিনি।”

মাম্মিতি নূর আখান্দ বলেন, “আমার বাবা দেশের জন্য কষ্ট করেছেন। গানকে এতটাই ভালবাসতেন তিনি যে অসুস্থ অবস্থাতেও শুধু গান নিয়েই থাকতেন।”

শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা নিবেদন পর্বের শেষে লাকী আখান্দকে প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “আজ তাকে বাঙালির শ্রেষ্ঠ স্থান শহীদ মিনারে বিদায় জানালাম। আসলে তাদের কি বিদায় জানানো যায়? যায় না।এই লাল সবুজ পতাকার মতোই তিনি বেঁচে থাকবেন।”