২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক চাপ আছে কি- প্রশ্ন দুদককে

কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ রয়েছে কি না, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে তা জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2017, 05:57 PM

Updated : 19 Aug 2022, 04:24 PM

বৃহস্পতিবার ঢাকার সেগুন বাগিচায় কমিশন কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে এই প্রশ্ন করেন এফবিআই প্রতিনিধি ডেভিড জে ইটন।

তাকে কোনো চাপ না থাকার কথা জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, “রাজনীতিবিদ, সরকার ব্যবসায়ী কিংবা অন্য কোনো মহল থেকে দুদকের উপর কোনো চাপ নেই। দুদক স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।”

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে বিএনপি অভিযোগ করে আসছে, সরকার দুদককে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ বরাবরই নাকচ করা হচ্ছে।

দুদকের কাজের প্রশংসা করে এফবিআই প্রতিনিধি বলেন, সংস্থাটির দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম এ দেশের উত্তম চর্চার বিকাশে দীর্ঘ মেয়াদী ফলাফল বয়ে আনবে।

ইটনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে অর্থ পাচার ঠেকাতে এফবিআইয়ের সহযোগিতা চেয়েছেন ইকবাল মাহমুদ।

তিনি বলেন, “আমাদের কাছে অভিযোগ আসে মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে অর্থ পাচার হয়।”

অর্থ পাচার, মাদক ও মানবপাচার, সন্ত্রাসের অর্থায়ন একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

বাংলাদেশে দুদকের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ইটন বলেন, এফবিআই ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা কেপিকের সঙ্গেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করছে।

সন্ত্রাসে অর্থায়নসহ অর্থ পাচারের বিষয়ে দুদক কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণে এফবিআই সহযোগিতা করতে পারে বলে জানান তিনি।

দুদক চেয়ারম্যান জানান, তারা ভুটান, ভারত, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। এফবিআইয়ের সঙ্গেও তা করতে আগ্রহী।

কমিশনের তদন্ত কর্মকর্তাদের সক্ষমতা বিশ্বমানের করতে হলে যথাযথ প্রশিক্ষণের উপর জোর দেন সাবেক সচিব ইকবাল মাহমুদ।

তিনি বলেন, “দুর্নীতি শুধু দমন নয়, কমিশন প্রতিরোধেও কাজ করছে। দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধ করত চাই দুদক।”