গো মাংস: বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত জাকির
পহেলা বৈশাখে চারুকলার ক্যান্টিনে রান্না গরুর মাংসের তেহারি হিন্দু শিক্ষার্থীদের খাওয়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ক্যান্টিন মালিক জাকির হোসেন।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী জাকির চারুকলা সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের সমাধি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। পাশাপাশি বছরখানেক ধরে চারুকলার ক্যান্টিন চালাচ্ছিলেন তিনি।
তাকে বরখাস্ত করার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ক্যান্টিন চালাচ্ছিলেন।
“যেদিন চারুকলায় হাজার হাজার মানুষের ভিড় হয়, সেইদিন, উৎসবের দিন ক্যান্টিনে গো-মাংস পরিবেশন করে চারুকলায় গোলমাল সৃষ্টি করেছেন। সেজন্য গত রোববার জাকিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
চারুকলার শিক্ষার্থীদের ভাষ্যমতে, সব ধর্মের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের ক্যান্টিনে গরুর মাংস পরিবেশন হয় না।
তবে পহেলা বৈশাখের সকালে নববর্ষ উদযাপনের প্রস্তুতির জন্য রাতভর কাজ করা কয়েকজন শিক্ষার্থী সেখানে তেহারি খেয়ে, তা অন্য সহপাঠীদের নিয়ে খাওয়ান। ওই তেহারি গরুর মাংস দিয়ে রান্না করার বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ ছাত্ররা ক্যান্টিন ভাংচুর এবং মালিক জাকিরকে মারধর করেন।
মঙ্গল শোভাযাত্রার আগে ওই উত্তেজনার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি শান্ত করেন। জাকিরকে ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা সে সময়ই দিয়েছিলেন তিনি।
তবে মঙ্গল শোভাযাত্রা ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টায় পরিকল্পিতভাবে জাকির এ কাজ করেছেন কি না- সে সন্দেহ প্রকাশ করেন চারুকলার কয়েকজন ছাত্র-শিক্ষক।
কী কারণে এটা করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চারুকলার কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ মোল্লাকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান মলয় বালা এবং সহকারী প্রক্টর ও মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম ।
রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় কারা জড়িত তা বের করতে কাজ করছেন তারা। সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
