২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর আইনে মন্ত্রিসভার সায়

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর সব বিধানকে একসঙ্গে করে ‘আয়কর আইন ২০১৭’ হিসেবে পাস করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 05:59 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “অধ্যাদেশটি সামরিক শাসনামলে পড়ে গেছে, এটা পরিবর্তন করার আবশ্যকতা রয়েছে। ১৯৮৪ থেকে অধ্যাদেশের যত সংশোধন হয়েছে সবগুলোকে একত্রিত করে একটা সমন্বিত আইন করা হচ্ছে।”

‘সময় না থাকায়’ এটা আপাতত ইংরেজিতে করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পরে বাংলায় নতুনভাবে করা হবে।”

পল্লী উন্নয়ন বোর্ড আইনে সায়

‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন ২০১৭’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

১৯৮২ সালের অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালিত হচ্ছে।

শফিউল আলম বলেন, নতুন আইনে বড় কোনো পরিবর্তন নেই, মূলত ইংরেজি থেকে বাংলা করা হচ্ছে।

প্রস্তাবিত আইনে কিছু জিনিস হালনাগাদ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে বিধান ছিল বোর্ড বছরে ছয় বার ও দুই মাসে একবার সভা করবে। এটাকে পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে প্রতি ৬ মাসে বোর্ডের কমপক্ষে একটি সভা হবে।

“আগে ৫ জনের কম হলে কোরাম হত না, প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এক তৃতীয়াংশ সদস্য যদি উপস্থিত থাকে তবে কোরাম হবে।”