২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই রাজস্ব কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

মিথ্যা ঘোষণায় হাউজিং পাইপ আমদানি করে প্রায় ৫৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে দুই রাজস্ব কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 04:24 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

চট্টগ্রামের বন্দর থানায় সোমবার সকালে এ মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

মামলার পর প্রধান আসামি মেসার্স ইউনাইটেড ট্রেড মার্কের স্বত্বাধিকারী তোফায়েল আহমেদ খানকে দুপুরে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

দুদকের একটি দল রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকার বাসা থেকে তোফায়েলকে গ্রেপ্তার করে বলে তিনি জানান।

মামলার অন্য আসামিরা হলেন- জিএসএস ট্রেড সিন্ডিকেটের স্বত্বাধিকারী শহিদুল আলম তালুদকার, চুয়াডাঙ্গা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার কার্যালয়ের  রাজস্ব কর্মকর্তা জে এম আলী আহসান এবং নারায়ণগঞ্জের কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা শেখ মো. হারুনুর রশিদ।

মামলার এজাহারে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন রাজশাহী বরেন্দ্র বহুমুখি কর্তৃপক্ষের প্রয়োজনে গভীর নলকূপের জন্য গত বছরের ৬ এপ্রিল চার হাজার মিটার পাইপ আমদানির দায়িত্ব পায় মেসার্স ইউনাইটেড ট্রেড মার্ক।

এরপর গত ১৩ আগস্ট পাইপগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালে আমদানিকারক প্রতিষ্ঠানটির মনোনিত সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ট্রেড সিন্ডিকেটের’ মাধ্যমে পাইপগুলো তেল ও গ্যাস পাইপ লাইনে ব্যবহারের জন্য মিথ্য ঘোষণা দিয়ে শুল্কায়নের মাধ্যমে ছাড় করানো হয়।

ওই সময় চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা শেখ মো. হারুনুর রশিদ ও রাজস্ব কর্মকর্তা জে এম আলী আহসান মালামালগুলো শুল্কায়ন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এভাবে শুল্কায়নের মাধ্যমে ৫২ লাখ ৫৮ হাজার ৬৭৯ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসামিরা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা প্রণব কুমার।

এজাহারে আরও বলা হয়েছে, পাইপগুলো তেল বা গ্যাস লাইনে ব্যবহারের জন্য আমদানি করা হয়নি, বরং পাইপগুলো হাউজিং ক্ষেত্রে ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে। দুদকের অনুসন্ধানে এর প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।