২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রের প্রভাব পড়েনি মুক্তিযুদ্ধের ইতিহাসে: ঢাবি উপাচার্য

অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হলেও মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 03:55 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইতিহাসের ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতকরা সব সময়ই চিহ্নিত থাকে উল্লেখ করে উপাচার্য বলেন, একাত্তরের বিশ্বাসঘাতক মুশতাক মুজিবনগর সরকারে চিহ্নিত ছিলেন।

“এই ষড়যন্ত্রের চিহ্ন ১৭ এপ্রিল মুজিবনগরের ছবিতেও আছে। ছবিটিতে দেখা যায় সবাই সাদা পাঞ্জাবি পরা, সেখানে মাত্র একজন ভিন্ন ধরনের পোশাক পরা।

“সেই ভিন্ন ধরনের পোশাক পরিহিত ব্যক্তিটি যে বিশ্বাসঘাতক খন্দকার মুশতাক সেটা বুঝতে পারিনি। বিশ্বাসঘাতকতার চিহ্ন সেটি কিন্তু একাত্তরেই রয়েছে, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত হয়েছে বিশ্বাসঘাতকতা.. প্রকাশ পেলো যে- কে এই বিশ্বাসঘাতক। একাত্তরে এই ছবিটি দেখলে বুঝতে পারবেন, বিশ্বাসঘাতক সব সময় চিহ্নিত থাকে। ”

মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করতেই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, বলেন তিনি।

আরেফিন সিদ্দিক বলেন, “একাত্তরে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন।

“এই ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল।  ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার অল্প কয়েকদিন পর অর্থাৎ ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করতে প্রবাসী সরকার গঠনের সিদ্ধান্ত তারা নিলেন।”

তিনি বলেন, এই সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন। আর বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই উদ্দেশ্যেই বাংলাদেশের ভুখণ্ডের ভেতরে মুজিবনগর জায়গাটাকে নিধার্রণ করা হলো এবং বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হয়েছিল এবং সেদিন তারা শপথ গ্রহণ করলেন।

“এই শপথ গ্রহণের সাথে সাথে সারা পৃথিবীতে এই বার্তাই ছড়িয়ে পড়ল যে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের নেতৃত্বে যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ।

আলোচনা সভা সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।