২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যন্ত্র নয়, কৃষির অগ্রগতিতে সরকারের দৃষ্টিভঙ্গিই মুখ্য: মতিয়া

কৃষির উন্নয়নে পূর্ববর্তী সরকারগুলোর দৃষ্টিভঙ্গির সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যারা ভিক্ষা করতে চাইবে তারা কৃষিকে দেখবে একভাবে, আর যারা নিজের পায়ে দাঁড়াতে চাইবে তারা দেখবে অন্যভাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 11:56 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

রোববার রাজধানীর আগাঁরগাওয়ের পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ‘রুরাল মেশিনাইজেশন: এ ড্রাইভার ইন এগ্রিকালচার চেঞ্জ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মতিয়া বলেন, “আমরা ছিয়ানব্বইয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রেখে গিয়েছিলাম। কিন্তু একসময় তো ঘোষণা দিয়ে বলা হল- খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ঠিক না। তাতে নাকি বিদেশি সাহায্য পাওয়া যাবে না। তাহলে কি আমরা চিরদিন ভিক্ষুক থাকব? এজন্যই কি দেশটা স্বাধীন করেছিলাম?

“আজকে মেশিনের কথা আলোচনা করছি আমরা। মেশিন তো আগেও ছিল, কিন্তু মেশিনটা কে চালায়? মানুষ চালায়। এই মেশিনের পেছনের মানুষটার দৃষ্টিভঙ্গি কী, তা মেশিনটা কীভাবে চলবে সেটি ঠিক করে।”

নিজের মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মন্ত্রী বলেন, “একসময় বিদেশ থেকে জাম্বো সাইজের বড় যন্ত্র আনার কথা এসেছিল। কিন্তু আমরা দেখলাম আমাদের দেশের ল্যান্ড সাইজে তা যায় না। এরপর আলোচনা করে স্লিম বাট স্মার্ট যন্ত্র আনলাম এবং সেটি কিন্তু কাজে এসেছে।”

পূর্ববর্তী সরকারগুলোর কৃষিখাতে সহায়তার পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, “আমি কাউকে কটাক্ষ করতে চাই না। আমাদের ছাড়া কেউ কৃষিতে সাহায্য দেয় না, এটা বলব কেন?

“ডিপ টিউবয়েলের ব্যাপারে তো যথেষ্ট সাহায্য দেওয়া হয়েছে, বিশেষ করে বরেন্দ্রতে। কিন্তু আজকে এসে ফলাফল কী হল? পানির লেভেল এমনভাবে নিচে নেমেছে যে, ডিপ টিউবয়েলকে ড্রপ ডাউন করতে করতে সেন্ট্রাল অব দ্য আর্থ করে দেওয়া ছা্ড়া গত্যন্তর নেই।”

বাংলাদেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে নানা প্রাকৃতিক বিপর্যয়কে বিবেচনায় নিয়ে কৃষি গবেষণায় অগ্রগতি সাধনের আহ্বান জানান মতিয়া।

“কৃষি গবেষণা, আবিষ্কার বা মেকানিজমকে আমি কেবল ট্রাক্টর বানানো বলে মনে করি না। ছোট একটা গবেষণাগারের যন্ত্রও যান্ত্রিকীকরণের অংশ।”

সাধারণ মানুষের উদ্ভাবনী শক্তিকে বাস্তবভাবে ব্যবহার করতে বেসরকারি খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারি জমি, সরকারি ব্যবস্থাপনায় কৃষি কতটুকু অগ্রগতি হয় তা তো আমরা দেখছি। স্কুল ফিডিংয়ে কৃষি আগাবে বিষয়টা এমন না। মানুষকে ধরাইয়া দিতে হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান বলেন, “আমাদের দারিদ্র্য নিরসনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে কৃষি। সম্প্রতি একটি গবেষণায় দেখা যায়, দারিদ্র্য নিরসনে কৃষির ভূমিকা তিন গুণেরও বেশি।”

যন্ত্রের বিকাশের কারণে কেবল কৃষি নয়, যাতায়াত ও বাজারের বিস্তৃতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘রুরাল মেশিনাইজেশন: এ ড্রাইভার ইন এগ্রিকালচার চেঞ্জ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ বইটি সম্পাদনা করেন এম এ ছাত্তার মন্ডল, স্টিফেন ডি বিগস বগিস এবং স্কট ই জাস্টিস।

বইটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।