জামিন না হওয়ায় জুতা নিক্ষেপ
জামিন না দেওয়ায় বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন এক আসামি।
রোববার দুপুরে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই ঘটনার পর বিচারক ওই আসামির কাছে তার আচরণের ব্যাখ্যা চান।
শামীম খন্দকার নামে ওই আসামি তখন বলেন, জামিনের জন্য তিনি আদালতের এক কর্মচারীকে ঘুষ দিয়েছিলেন, ফলে জামিন না হওয়ায় ক্ষিপ্ত ছিলেন তিনি।
২০১৩ সালের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার আসামি মাদারীপুরের কালকিনি এলাকার শামীম।
ওই আদালতে সরকারি কৌঁসুলি আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের মামলাটিতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন শামীম। মাদারীপুরের আরেকটি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে।
পাঁচ বছর কারাবন্দি শামীমকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করলে তিনি কাঠগড়া থেকে জুতা ছুড়ে মারেন।
তখন বিচারক জিজ্ঞেস করেন, “আপনি এ কাজ কেন করেছেন?”
জবাবে আসামি বলেন, “আপনি আমার জামিন দিচ্ছেন না কেন?”
বিচারক তখন নথি তলব করে দেখেন, আসামিকে ছয় বছরের মধ্যে মাত্র একদিন আদালতে হাজির করা হয়েছে।
বিচারকের এক প্রশ্নের উত্তরে শামীম বলেন, “আপনার নিচে বসা আপনার একজন লোক আমার কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা নিয়েছে জামিন করানোর কথা বলে। আরও টাকা তাকে দেওয়ার কথা । কিন্তু সে আমার জামিন করায়নি।”
বিচারক বলেন, “আমার সে কর্মচারী তো বদলি হয়ে গেছে।”
বিচারক আসামিকে বলেন, “আপনি তো দোষ স্বীকার করেছেন, তাহলে আপনাকে জামিন কীভাবে দেব?”
আসামি শামীম তখন পুনরায় আদালতে এলেও একই কাজ করা হুমকি দিলে বিচারক মামলার পরবর্তী ধার্য দিনে তাকে ডাণ্ডাবেড়ি পরিয়ে হাজির করাতে পুলিশকে নির্দেশ দেন।
২০১৩ সালের অগাস্টে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক কিশোরকে মুক্তিপণের দাবিতে অপহরণের মামলায় শামীম আসামি।
