২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নফাঁসে শিক্ষকদের দুষলেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জন্য শিক্ষকদের দায়ী করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ বিষয়ে মুখ খুললেও ‘সব কিছু’ বলতে পারছেন না তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 11:26 PM

Updated : 11 Oct 2022, 01:48 PM

পুরনো খবর:

হোয়াটস‌অ‌্যাপে আবারও মিলল এসএসসির প্রশ্ন
ফাঁস হওয়া প্রশ্নেই হল এসএসসির গণিত পরীক্ষা
প্রশ্ন ফাঁস আবারও, ফল হচ্ছে না জানিয়েও

প্রশ্নফাঁসকারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তাদের প্রতি সামাজিক ঘৃণা প্রকাশের আহ্বানও রেখেছেন তিনি। প্রশ্ন পেতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদেরও শুভবোধ প্রত্যাশা করেছেন মন্ত্রী।

রোববার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে নাহিদ বলেন, “আমরা সবকিছু ঠিক করে যখন শিক্ষকদের হাতে দেই তখন প্রশ্ন আউট হয়ে যায়। ক্লাসের মধ্যে শিক্ষকরা বলে দেয়, এই হচ্ছে প্রশ্নের উত্তর। ক্লাসে পড়ায় না, বাড়িতে টাকা নিয়ে পড়ায়। তাদের জন্য আমাদের সমস্ত শিক্ষকদের বদনাম হয়, তারা হতাশ হন।”

প্রশ্নফাঁসে জড়িত স্কুল-কলেজ ও শিক্ষকের কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা খুব কঠিন অবস্থান নিয়েছি, এখানে কোনো হেরফের হবে না। যদি দেখি স্কুল জড়িত আছে, ম্যানেজিং কমিটি জড়িত আছে, আমরা তাদের অনুমতি বাতিল করে দিব। জেলে যেতে হবে, চাকরি চলে যাবে। জেলে গিয়েছেনও ইতোমধ্যে।”

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’ এর মাধ্যমে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর এই ক্ষোভ ঝরে।

তবে ফেইসবুক ও হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা শুরু আগে প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গে কোনো কথা বলেননি নাহিদ।

প্রশ্নফাঁসের উদাহরণ টেনে তিনি বলেন, “দেখেন কত চালাকি! আমরা বলেছি আপনারা স্মার্টফোন নিয়ে পরীক্ষার কোনো কাজে যেতে পারবেন না। পুরোনো আমলের একটা ফোন থাকবে পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য, যেটাতে ছবি তোলা যায় না।

“আপনারা দেখেছেন, আমাদের দুইজন শিক্ষক স্মার্টফোন নিয়ে প্রশ্ন আনতে গিয়ে ধরা পড়েছেন, এখন শাস্তি হচ্ছে। অভিযোগ এসেছে প্রশ্ন নেওয়ার জন্য কালো গ্লাস লাগানো গাড়ি নিয়ে যান। প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে ছবি তুলে পাঠানো শুরু করেন। আমার টিচার তারা, আমরা তাদের শাস্তি দিয়েছি। এবং বলে দিয়েছি, কেউ কালো গ্লাস লাগানো গাড়ি নিয়ে আর প্রশ্ন আনতে যেতে পারবেন না।”

এই নির্দেশনা দেওয়ার পরদিনও দুইজন আবার কালো গ্লাসের গাড়ি নিয়ে গিয়ে ধরা পড়েন বলে জানান মন্ত্রী।

শিক্ষকদের এমন অবস্থার কারণে নিজে বিব্রত জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, “এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আমরা খুলেও বলতে পারতেছি না, না বলেও থাকতে পারতেছি না।

“আমাদের সব থেকে নির্ভরযোগ্য এবং ভবিষ্যৎ গড়ার আসল লোক হচ্ছেন আমাদের শিক্ষকরা। আমরা সবাই যদি সতর্ক না হই, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আমরা যেখানে দায়ী আমাদের শাস্তি দেবেন। শিক্ষকদের উপরতো নির্ভর করতে হবে আমাদের। শিক্ষক-অভিভাবক যদি এভাবে করে তাহলে আমরা কোথায় যাব?”

সারাদেশে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির ‘নৈতিক পরিবর্তনে’ ব্যাপক উদ্যোগ নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “যেটা একটা সামাজিক আন্দোলন, প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা এই কাজ করে তাদের যেন সবাই ঘৃণা করে, সে ব্যবস্থা করতে হবে। তাহলে বন্ধ করা সম্ভব।”

মন্ত্রীর আগে বক্তব্য দিতে গিয়ে শিক্ষা সচিব সোহরাব হোসাইনও প্রশ্নফাঁসের জন্য কেবল শিক্ষকদের দায়ী করে বক্তব্য দেন।

তিনি বলেন, “প্রশ্ন যখন বিলি করা হচ্ছে সেটা শিক্ষকদের মাধ্যমে কোনো না কোনোভাবে (বাইরে) যাচ্ছে, সেটা আমাদের কাছে প্রমাণ আছে। কোন দিন আমাদের এই বিবেক জাগ্রত হবে আমরা এই অসাধু পদক্ষেপ নেব না?”

পরীক্ষার আগে কী পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেটা তুলে ধরে শিক্ষাসচিব বলেন, “সকাল সাড়ে নয়টা-পৌনে দশটাতে স্কুলের সামনে প্রতিদিন একটা জটলা হচ্ছে। ইনকোয়ারি টিম পাঠিয়ে প্রমাণ পেয়েছি, প্রশ্নপত্রের একটি অংশ, এমসিকিউ, মোবাইলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিজি প্রেসকে এজন্য দায়ী করতাম।

“কিন্তু বিভিন্ন পর্যায়ে ইনকোয়ারি করে আমরা পুরো ব্যবস্থাকে যখন নিশ্ছিদ্র করেছি, তখনও এই অবস্থা হচ্ছে। সেখানে দেখা যায়, আমাদের ছাত্ররা আমাদের অভিভাবকরা হুমড়ি খেয়ে পড়ছে।”

দু’দিন আগে লালমাটিয়া কলেজ থেকে একজন শিক্ষককে ধরে দুই বছরের কারাদণ্ড দেওয়ার প্রসঙ্গ টানেন শিক্ষাসচিব।

অভিভাবকরাও এর সঙ্গে জড়িয়ে নিজের সন্তানের ধ্বংস ডেকে আনছেন মন্তব্য করে তিনি বলেন, “একজন শিক্ষকের দায়িত্ব শ্রেষ্ঠ পরীক্ষা পরিচালনা, ছাত্ররা যাতে অসাধু উপায় অবলম্বন করতে না পারে সেটা নিশ্চিত করা। কিন্তু তিনিই এই কাজে জড়িয়ে যাচ্ছেন।”

সোহরাব হোসাইন বলেন, “অনেকে বলেন আমরা পদক্ষেপ নিই না। আপনারা দেখবেন আমরা প্রতিটা পদক্ষেপই নিয়েছি। যে যেভাবে বলছেন, সেভাবে কাজ করছি। ম্যাজিস্ট্রেট, পুলিশের মতো অন্য বিভাগ দিয়ে কাজ করানো অনেক কঠিন। কেবলমাত্র মন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে প্রত্যেকটা জায়গায় টিম করা হয়েছে। পুলিশের টিম করা হয়েছে।”

আরেকটি উদাহরণ দিয়ে তিনি বলেন, “গত পরীক্ষায় একজন অধ্যক্ষ প্রশ্নব্যাংক থেকে প্রশ্ন নেওয়ার সময় তিনি পরের দিনের প্রশ্নও নিয়ে গেছেন। আমাদের সকল বোর্ড, কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তা সবাইকে সারারাত নির্ঘুম কাটাতে হয়েছে।

“কারণ আমরা অনেক রাতে খবর পাচ্ছি, ট্রেজারি খোলাতে হয়েছে। ট্রেজারি খুলে দেখা গেছে এরকম সত্যি সত্যি হয়েছে। আমাদের পরীক্ষার প্রশ্ন চেইঞ্জ করতে হয়েছে, যেটা অনেক রিস্কি বিষয়। প্রত্যেকটা কেন্দ্রে খবর পাঠাতে হয়েছে, এটা না ওইটার পরীক্ষা। আমরা এখন পর্যন্ত সফল হয়েছি।”

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় দেশের ১৭টি জেলার ৫৪টি উপজেলায় মাধ্যমিক ও সমমানের দুই লাখ ৫২ হাজার ৯২৮জন শিক্ষার্থীর মোবাইলে বিকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা পাঠানো হয়।

এই প্রক্রিয়ায় অগ্রণী ব্যাংকের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় রোববার ২৪ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৫১০ টাকা পাঠানো হয় ওই শিক্ষার্থীদের কাছে।

টাকা পাঠানোর পর লালমনিরহাটের পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শিক্ষামন্ত্রী ও অতিথিরা।

মাউশি’র মহাপরিচালক অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর চাই লি, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু সাঈদ শেখ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির ব্ক্তব্য দেন।