২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় পরিবহন মালিকদের নেতাকে মারধর

বাংলা নববর্ষের দিন মারধরের শিকার  হয়েছেন পুরান ঢাকার বাহাদুর বাহাদুর শাহ পরিবহনের মালিক সমিতির সভাপতি আব্দুল সালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2017, 01:44 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

নববর্ষ উদযাপনে চাঁদা না দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক দল কর্মচারী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সালাম।

সদরঘাট থেকে যাত্রাবাড়ী পর্যন্ত যে হিউম্যান হলারগুলো চলে, তার মালিকদের সংগঠনের সভাপতি সালাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছেই এগুলোর স্ট্যান্ড।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে হামলার শিকার হন বলে সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা কাজী মনির, আব্দুল মালেক, সাগর, মিলন মিয়া প্রতি মাসে ৩০ হাজার টাকা দাবি করে আসছে।

“আজ সাথে করে আরও কিছু পোলাপান এনে নববর্ষ উপলক্ষে স্টার কাবাবে খাবে বলে টাকা চায়। টাকা নাই  বলার পর আমাকে কিলঘুষি মারে। মাসে ৩০ হাজার টাকা চাঁদা না দিলে এখানে থাকতে দেবে না বলেও জানিয়ে গেছে।”

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে প্রক্টর অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দুটি গাড়ি আছে, গাড়ির টাকা কালেকশন করতে সেখানে গিয়েছিলাম। চাঁদা দাবি, মারধর সব মিথ্যা কথা।”

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, “এমন কোনো অভিযোগ এখনও পাইনি, পেলে ব্যবস্থা নেব।”

ঘটনাটি শুনেছেন জানিয়ে কোতোয়ালি থানার ওসি এ বি এম মশিউর রহমান বলেছেন, বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।