বাংলা একাডেমির বৈশাখী আয়োজন
বাংলা বর্ষবরণ উপলক্ষে বাংলা একাডেমিতে শুরু হয়েছে দশ দিনের বৈশাখী মেলা।
শুক্রবার বিকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই মেলার উদ্বোধন করেন, যা যৌথভাবে আয়োজন করেছে বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
উদ্বোধণীতে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান; অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতি সন্ধ্যায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে নববর্ষ উদযাপনের অংশ হিসেবে শুক্রবার সকালে বাংলা একাডেমির রবীন্দ্র-চত্বরে বাংলা বর্ষবরণ, একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানেও স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বাংলা নববর্ষ বিষয়ে একক বক্তৃতা করেন অধ্যাপক অজয় রায়। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী।
নববর্ষের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-মানবিক চেতনা ধারণের মধ্যমে একটি সুসংহত জাতিসত্তা গঠনকে জাতির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন বক্তারা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণ সংগীত পরিবেশন করেন শিল্পী মহাদেব ঘোষের নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ররিরশ্মি। এছাড়া সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, আবু বকর সিদ্দিক, আবদুল হালিম খান, কমলিকা চক্রবর্তী, রুমা নাগ, আনোয়ার হোসেন, পল্লবী সরকার মালতী, ইসরাত জাহান জুঁই, অমিতাভ মুখোপাধ্যায়।
নববর্ষে একাডেমির বইয়ের আড়ং
বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে একাডেমির প্রকাশিত বইয়ের আড়ং। পহেলা বৈশাখ থেকে ১০ বৈশাখ পর্যন্ত বইয়ের আড়ং চলবে। প্রতিদিন বেলা ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আড়ং খোলা থাকবে।
‘মেন অব দ্য হার্ট’
বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে শনিবার বিকাল ৫টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ নাট্যানুষ্ঠানের।
অনুষ্ঠানে লালন ফকিরের জীবন ও দর্শন নির্ভর নাটক ‘মেন অব দ্য হার্ট’ পরিবেশিত হবে। নাটকটির রচনা ও মঞ্চরূপ সুদীপ্ত চট্টোপাধ্যায়ের এবং পরিচালনা সুমন মুখোপাধ্যায়ের।
কলকাতার স্পেক্টেটরস প্রযোজিত এই নাটকটি ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, শিকাগো, যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির বার্লিন, ইতালির রোম এবং ভারতের কলকাতাসহ বিভিন্ন শহরে মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশে এটিই হবে এই নাটকের প্রথম প্রদর্শনী।
