২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাতে ফুল, হাতব্যাগ নিয়ে বিড়ম্বনা

বর্ষবরণ উৎসবে পুলিশের হাতে ফুল উঠেছে; তবে নিরাপত্তার কড়াকড়িতে হাতব্যাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 03:10 PM

Updated : 11 Oct 2022, 01:48 PM

শুক্রবার পহেলা বৈশাখে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছেন ১১ হাজার পুলিশ সদস্য। প্রতিবারের মত এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বরাবরের মতই ভোরে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় রাজধানীর বর্ষবরণ উৎসব। সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।  

সাম্প্রতিক সময়ে নতুন করে জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে এবার পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনার কথা পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। 

সে অনুযায়ী রমনা, শাহবাগ ও টিএসসি এলাকায় ভোর থেকেই পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে তৎপর দেখা যায়।

রমনায় ছায়ানটের অনুষ্ঠান ঘিরে যেমন বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা যায়, তেমনি মঙ্গল শোভাযাত্রার সামনে পেছনে পুলিশ ও র‌্যাব সদস্যদের পাশাপাশি ভারী অস্ত্র নিয়ে সোয়াট সদস্যরাও ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রমনা এলকায় আর্চওয়ে বসিয়ে তল্লাশি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। তিনটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে ক্লোজড সার্কিট ক্যামেরায় পর্যবেক্ষণ চালানো হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

এই কড়াকড়ির মধ্যেও উৎসবের আমেজ আনতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে গোলাপ আর বাতাসার ডালি হাতে দাঁড়িয়ে দর্শনার্থীদের নববর্ষের শুভেচ্ছা জানাতে দেখা যায় পুলিশ সদস্যদের।

তবে পুলিশের সতর্কবাণী না শুনে হাতব্যাগ নিয়ে উৎসবে যোগ দিতে এসে বিড়ম্বনায় পড়তে হয়েছে কাউকে কাউকে।

পলাশীর মোড়, বকশিবাজার মোড়, চানখাঁরপুল মোড় দিয়ে প্রবেশের সময় হাতব্যাগের কারণে কয়েকজন নারীকে আটকে দেয় পুলিশ। অনেক অনুরোধের পর তাদের পরে প্রবেশ করতে দেওয়া হয়।

পলাশী মোড়ে দায়িত্বরত এসআই  চিত্তরঞ্জন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যাণ্ডব্যাগ নিয়ে প্রবেশ করতে দিতে নিষেধ করেছেন স্যারেরা।”

মো. বশির নামের এক শিক্ষার্থী মিরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছিলেন মাকে সঙ্গে নিয়ে। কিন্তু মায়ের সঙ্গে হাতব্যাগ থাকায় বিপত্তি ঘটে।

বশিরের মা পুলিশ সদস্যদের বলেন, “নারীদের কাছে ছোট একটা ব্যাগ থাকা স্বাভাবিক। তাদের জন্য এত কড়াকড়ি কি ঠিক?”

ষাট ছুঁই ছুঁই ওই নারীর এমন যুক্তির পর ব্যাগ তল্লাশি করে তাকে ঢুকতে দেওয়া হয়।

মধ্য বয়সী দুই নারী হাসতে হাসতে জানান, তাদের সঙ্গেও ব্যাগ ছিল। পুলিশের ‘ঝামেলা’ দেখে পলাশীর মোড়ে পরিচিত এক দোকানে রেখে এসেছেন।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তৌফিক হাসান উৎসবে এসেছিলেন স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাম্প্রদায়িক শক্তির নানা হুমকির কারণে আমরা নিরাপত্তা কড়াকড়ি করছি, সেটা ঠিক। কিন্তু এর মাধ্যমে আমরা বৈশাখ উদযাপনকে সঙ্কুচিত করে ফেলছি না তো?”

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাগ নিয়ে না আসতে আগেই অনুরোধ করা হয়েছিল। তারপরও কেউ কেউ এসেছেন। তল্লাশি করে পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে।”

দুপুর পর্যন্ত কোনো ধরনের গোলযোগের খবর আসেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “সব বৈশাখী অনুষ্ঠান সুন্দরভাবেই হচ্ছে। আমরা সতর্ক আছি।”