২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বার গতিতে এগিয়ে যাক বাংলাদেশ: স্পিকার

নববর্ষে বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলার প্রত্যয় ধারণ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2017, 01:03 AM

Updated : 11 Oct 2022, 01:48 PM

তিনি বলেছেন, “বাংলাদেশ দুর্বার গতিতে এগিযে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়ার প্রত্যয় নতুন বছরে আসুন বলিষ্ঠভাবে ধারণ করি। এই এগিয়ে যাওয়ার সুফল যাতে সকলের মধ্যে পৌঁছে দিতে পারি।”

বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘আল্পনায় বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে শিরীন শারমিন একথা বলেন।

এশিয়াটিক ইএক্সপি’র আয়োজনে এই আল্পনা আঁকা কর্মসূচির সহ আয়োজক বাংলালিংক ও বার্জার পেইন্টস।

স্পিকার বলেন, “নতুন বছর, নতুন প্রত্যয়ের সময়। নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময়। নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এই উৎসবে সমগ্র জাতি একত্রিত হয়। একত্রিত হওয়ার এই উৎসবে আসুন প্রকৃতির রঙে নিজেদের জীবনকে রাঙাই।”

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জমান নূর বলেন, পহেলা বৈশাখের সঙ্গে সংস্কৃতি ও অর্থনীতি জড়িয়ে আছে। সময়ের সাথে সাথে এর ধরন ও ধারণ বদলেছে। পাকিস্তান আমলে পহেলা বৈশাখ ছিল প্রতিবাদের ভাষা, ১৯৭৫ পরবর্তী নষ্ট সময়েও নববর্ষ ছিল প্রতিবাদের ভাষা।

“সংস্কৃতির এই যাত্রার সাথে লড়াই জড়িত। যারা আমাদের এই যাত্রাকে চ্যালেঞ্জ করে তারা আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে। তাদের ক্ষমতা করা উচিৎ নয়। তাদের প্রতিহত করা উচিত।”

অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত পাঁচ বছর ধরে আল্পনা আঁকার মধ্যে দিয়ে নতুন বছর বরণ করা হচ্ছে। এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউতে ৩০০ জন শিল্পী চার লাখ বর্গফুট এলাকায় আল্পনা আঁকবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্জার পেইন্টেস ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, এশিয়াটিক ৩৬০ গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন সারা যাকের, বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রাহমান।