২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবির শিক্ষক আনোয়ার হোসেনের অব্যাহতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম স্ট্রাকচার ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 04:20 PM

একইসঙ্গে নকল গবেষণাপত্র (থিসিস পেপার) জমা দেওয়ার অভিযোগে অভিযুক্ত পাচঁ ছাত্রের ফলাফল প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট নয়জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মো. আনোয়ার হোসেনের করা এক রিট আবেদনে প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ড. রফিকুর রহমান ও অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে রিটকারী অধ্যাপক আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম স্ট্রাকচার ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স (এমএস জুলাই-ডিসেম্বর ২০১৫) সেশনের ১১ ছাত্রছাত্রী তাদের গবেষণাপত্র জমা দেয়।

“এর মধ্যে পাঁচজনের গবেষণাপত্র নকল হিসেবে সন্দেহ হওয়ায় বিভাগীয় প্রধান ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে তা যাচাই করি। দেখা যায়, ওই পাঁচজনের গবেষণাপত্র নকল করে তৈরি করা হয়েছে। এরপর তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। কিন্তু প্রশাসন অভিযোগ আমলে না নিয়ে ফল প্রকাশ করে। উল্টো নকল ধরায় এবং অভিযোগ দেওয়ায় আমাকে অব্যাহতির আদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”

গত বছরের ৩ এপ্রিল দেওয়া এ আদেশ চ্যালেঞ্জ করে গত ১২ এপ্রিল রিট আবেদন করা হয়।