বাংলা একাডেমিতে আন্তর্জাতিক ফোকলোর কর্মশালা শুরু
বাংলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক ফোকলোর কর্মশালা।
‘সামাজিক পরিবর্তন ও ফোকলোর’ প্রতিপাদ্যে এবারের কর্মশালার মূল আয়োজনে থাকছে চতুর্থ ফোকলোর সামার স্কুল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ফোকলোর সামার স্কুলের উদ্বোধন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ইমেরিটাস অধ্যাপক তপোধীর ভট্টাচার্য।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের লোক গবেষক অধ্যাপক ফ্রাঙ্ক জে কোরম, ভারতের জহর সরকার, অধ্যাপক জওহরলাল হান্ডু, ড. অসীমানন্দ গঙ্গোপাধ্যায় এবং সুদীপ্ত চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
ফোকলোর সামার স্কুল বিষয়ে সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক শাহিদা খাতুন। ফোকলোর সামার স্কুলের ধারণাপত্র উপস্থাপনা করেন ড. ফিরোজ মাহমুদ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির ফেলো অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।
সূচনা বক্তব্যে শাহিদা খাতুন বলেন, “বাংলা একাডেমি চতুর্থবারের মতো এই ফোকলোর সামার স্কুলের আয়োজন করেছে। সামাজিক পরিবর্তন ও ফোকলোর-এই প্রতিপাদ্যে পাঁচ দিনব্যাপী ফোকলোর সামার স্কুল ফোকলোরবিদ্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে গণ্য হবে নিঃসন্দেহে।”
শামসুজ্জামান খান বলেন, “বিশ্ব ফোকলোর প্রেক্ষাপটে বাংলাদেশের এখনও অনেক দূর যাওয়ার আছে। বাংলা একাডেমি বাংলাদেশে ফোকলোর বিদ্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে একাডেমির উদ্যোগে ইউনেস্কোতে প্রেরিত বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং মঙ্গল শোভাযাত্রা বিশ্বসাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।”
আলোচনায় অতিথিরা বলেন, ফোকলোর কেবল তাত্ত্বিক আলোচনার পরিসর নয় বরং প্রায়োগিকতায় বিশ্বাসী। তাই লোকশ্রুতি-লোকস্মৃতি ইত্যাদি লোকপরম্পরায় ক্ষেত্রসমীক্ষায় ঋদ্ধ হয়ে ফোকলোর সামগ্রিক বিদ্যাভাসকে সমৃদ্ধ করে চলে।
অধ্যাপক ফ্রাঙ্ক জে কোরম বলেন, “বাংলাদেশে বাংলা একাডেমি ফোকলোরকে যুগপৎ তত্ত্ব ও প্রয়োগপ্রধান জ্ঞানকাণ্ড হিসেবে গণ্য করে বিগত কয়েক দশক ধরে সার্থকভাবে চর্চা করে যাচ্ছে, যা গোটা দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতেও দৃষ্টান্তযোগ্য বিষয়।”
ধারণাপত্র উপস্থান করে ড. ফিরোজ মাহমুদ বলেন, “বাংলা একাডেমি ফোকলোর সামার স্কুলের মধ্য দিয়ে সাম্প্রতিকতম ফোকলোর সম্পর্কে উৎসুক গবেষকদের সহায়তা করে যাচ্ছে।”
অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেন, “প্রযুক্তির ব্যাপক বিকাশ সমাজে যে বিপুল পরিবর্তন আনয়ন করেছে, তার মধ্যে ফোকলোরের অবস্থান কোথায় তা আমাদের নির্ধারণ করতে হবে। পরিবর্তমান সমাজ ও পরিবর্তমান ফোকলোরকে জানতে-বুঝতে বাংলা একাডেমির ফোকলোর সামার স্কুল বিশেষ ভূমিকা পালন করতে পারে।”
লোকজ সূত্রে বাংলা সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।
তিনি বলেন, “জীবনযাপনের মধ্য দিয়ে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের ফোকলোরকে যেভাবে বিশ্বসভায় তুলে ধরতে পেরেছি, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
পাঁচ দিনব্যাপী এই সামার স্কুলে ১৫ জন ফোকলোর শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এই স্কুলে দেশ-বিদেশের ফোকলোর বিশেষজ্ঞরা ক্লাস নেবেন। স্কুলের সমন্বয়কারী হিসেবে আছেন ড. ফিরোজ মাহমুদ এবং সামার স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহিদা খাতুন।
