মেয়র মান্নানের বরখাস্তের আদেশ ফের স্থগিত
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বরখাস্তের আদেশ আবার ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ মান্নানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবু হানিফ ও মাসুদ রানা।
পরে মাসুদ রানা বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মেয়র মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত করেছে। এর ফলে তার দায়িত্বে ফিরতে আর কোনো বাধা নেই।”
নাশকতার এক মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দেওয়ায় ২০১৫ সালের ১৯ অগাস্ট বিএনপি নেতা মান্নানকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার।
উচ্চ আদালতে ওই আদেশ স্থগিত হলে পদ ফিরে পান মান্নান। কিন্তু গতবছর এপ্রিলে আরেক মামলার অভিযোগপত্রে তার নাম আসে এবং আবারও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চলতি বছর ৬ জানুয়ারি মুক্তি পান মেয়র মান্নান। এরপর দ্বিতীয় দফায় বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন করেন তিনি।
সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুলসহ এ স্থগিতাদেশ দেয়।
মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে অসছেন।
