নববর্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর ‘উপহার’
রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটার ও মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিকদের বিনোদনের জন্য এগুলো তার নববর্ষের উপহার।
বঙ্গাব্দ ১৪২৪ শুরুর আগের দিন বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি স্থাপনার উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, “যারা টেলিভিশনে বা ফেইসবুক লাইভে এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে বাংলা নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।”
হাতিরঝিলে মুক্তমঞ্চ ও ভাসমান ফোয়ারকে দেশবাসীর জন্য ‘নববর্ষের উপহার’ উল্লেখ করে তিনি বলেন, “দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের চিত্ত বিনোদনের ব্যাবস্থা করতেও আমাদের সরকার আন্তরিক।”
হাতিরঝিলের গুলশান পুলিশ প্লাজা প্রান্তের কাছে পানির ওপরে নির্মিত এই অ্যাম্ফিথিয়েটারের দর্শক ধারণক্ষমতা দুই হাজার। বৃত্তাকার গঠন ও রঙ বিন্যাসের কারণে উপর থেকে এ মুক্তমঞ্চকে দেখাবে পাপড়ি মেলে থাকা ভাসমান ফুলের মত।
৩৯০ বর্গমিটার আয়তনের এই অ্যাম্ফিথিয়েটারের অর্ধবৃত্তাকার গ্যালারিতে বসে অনুষ্ঠান দেখার সময় হাতিরঝিলের বুকে ভাসমান দ্বীপে সংগীতের তালে তালে নেচে ওঠা রঙিন ফোয়ারা দর্শকের নজর কাড়বে। একেই বলা হচ্ছে মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন।
এই ফোয়ারায় পানি ছিটানো যাবে ৪৮৮টি ধারায়; পানি উঠবে ৮০ মিটার পর্যন্ত। সেই সঙ্গে আলোর নাচন দেখাবে ৮০০ সেট এলইডি বাতি।
লাল সবুজের রং ছড়িয়ে হাতিরঝিল ফোয়ারায় পানির নাচন।
রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার
হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ গণভবনের অনুষ্ঠানে বলেন, ১৯৮০ বর্গমিটার আয়তনের এই ‘মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন’ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে ‘সবচেয়ে বড়’।
রাজধানীর হাতিরঝিল ও বেগুনবাড়ি খাল সংস্কার করে ৩১১ একর জায়গা নিয়ে সড়ক যোগাযোগ ও বিনোদনের কেন্দ্রে গড়ে তোলার এই কাজ শুরু হয় ২০০৭ সালে।
এ প্রকল্পের আওতায় প্রায় নয় কিলোমিটার সার্ভিস সড়ক এবং আরও প্রায় নয় কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া প্রকল্পের মধ্যে চারটি সেতু, তিনটি ভায়াডাক্ট, চারটি ওভারপাস, ফুটপাত ও শিশুপার্ক রয়েছে। ঝিলে নৌবিহারের জন্য চালু হয়েছে ওয়াটার ট্যাক্সি।
প্রধানমন্ত্রী হাতিরঝিল প্রকল্প এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।
এ অনুষ্ঠানে পর জঙ্গিবাদ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভিডিও কনফারেন্সে ময়মনসিংহ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।
অন্যদের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
