ন্যায়বিচার দেখে যেতে পারলাম: সনজীদা খাতুন
জঙ্গি মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়ায় ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেছেন, এর মধ্য দিয়ে মানুষ হত্যার ন্যায়বিচার হয়েছে।
২০০১ সালে পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত এবং অনেকে আহত হন। ওই মামলায় মৃত্যুদণ্ড হয়েছিল মুফতি হান্নানের। তবে বুধবার রাতে তার ফাঁসি কার্যকর হয়েছে ২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায়।
সনজীদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালে রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে নারকীয় সেই বোমা হামলার কথা মনে হলে এখনও শিউরে উঠেন তিনি।
হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান
বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “তাদের অপরাধের সব কিছু পাওয়া গেলেও একটি সরকার এসে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিল না। আমরা কিন্তু ভুলে যাইনি।”
সাংস্কৃতিক কর্মী সনজীদা খাতুন বলেন, তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।
“কিন্তু যে মানুষ মেরে ফেলে, তার হত্যাকাণ্ডের বিচার তো আমরা চাই। আমাদের এ রায় মানতেই হবে।”
