জঙ্গিবাদবিরোধী বয়ানে ইমামদের প্রতি ফের আহ্বান মন্ত্রীর
জঙ্গিবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে মসজিদের ইমামদের খুতবার আগের বয়ানে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে ফের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খুৎবার ইমামরা যে বয়ান করেন- সেখানে তারা জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন।
“কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনে মক্কা ও মদিনা থেকে আলেমরা এসেছিলেন। তারাও বলেছেন, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব বাংলাদেশের পক্ষে থাকবে।”
এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়মিত নজরদারি রাখছে বলেও জানান তিনি।
এর আগে গত গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে মসজিদ মসজিদে জঙ্গিবাদবিরোধী খুৎবা ঠিক করে দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।
একটি মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে মাদ্রাসা থেকে শুরু করে স্কুল ও কলেজ পড়ুয়া তরুণদের জঙ্গিবাদে আকৃষ্ট করছে বলে অভিযোগ রয়েছে।
দেশে রোহিঙ্গা শরণার্থীদের একটি অংশকে ধর্মীয় উগ্রবাদী রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। শরণার্থীদের এভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সে বিষয়ে বিজিবি, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জঙ্গি অপরাধ বিষয়ক মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, “জঙ্গি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মামলা পেন্ডিং অবস্থায় আছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
