২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্যাতনের মুখে প্রতিবাদের সাহস পাই’

বিয়েতে রাজী না হওয়ায় মা এবং হবু বরের নির্যাতনের মুখে ‘দেয়ালে পিঠ ঠেকে’ যাওয়ার মতো পরিস্থিতি প্রতিবাদী করে তুলেছিল যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার পাওয়া শারমিন আক্তারকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 07:36 PM

Updated : 11 Oct 2022, 01:47 PM

পুরনো খবর:

শারমিনের হাতে ‘সাহসী নারী’র পদক
নিজের বাল্যবিয়ে ঠেকানো শারমিন পাচ্ছেন ‘সাহসী নারী’ সম্মাননা

এই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে বুধবার সংবাদ সম্মেলনে এসে শারমিন জানান ভয়ঙ্কর সেই সময়ের কথা।

ঝালকাঠির এই কিশোরী বলেন, “মা জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। রাজি না হওয়ায় আমাকে এত মারধর করা হয়েছিল যে, আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল।

“আমাকে প্রতিনিয়ত মারত। মা মারধর, এমনকি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেও মারধর করেছে আমাকে। এমনকি মামলা করলে দেখে নিবে বলেও হুমকি দেয়। এ ধরনের পরিস্থিতিতে, নির্যাতনের মুখে প্রতিবাদের সাহস পাই।”

সাহসিকতার সঙ্গে নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে দেওয়া শারমিন আক্তারের হাতে গত ২৯ মার্চ ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

শারমিনের সঙ্গে ওইদিন আরও ১২ জন নারীকে দেওয়া হয় এই পুরস্কার।   

বুধবার বিকালে ধানমণ্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে শারমিন জানান, বাবাকে না জানিয়ে তার মা তাকে বিয়ে দিতে খুলনায় নানার বাড়ি নিয়ে যান। পরে সেখান থেকে পালিয়ে যান তিনি। এরপর পিরোজপুর থেকে তার মা তাকে ধরে নিয়ে আসেন। পরে বিয়ের জন্য একদিনের সময় চেয়ে স্কুলের বান্ধবীর পরামর্শে স্থানীয় একজন সাংবাদিকের সহযোগিতায় মামলা করেন শারমিন।

“প্রথমে পুলিশ পারিবারিক ব্যাপার বলে মামলা নিতে চায়নি। পরে ওই সাংবাদিকের অনুরোধে মামলা নেওয়া হয়।

“মামলার পর যিনি বিয়ে করতে চেয়েছিলেন তিনি প্রথমে পালিয়ে যান। পরে ধরা পড়লে তার চার মাস জেল হয়। আর আমার মা আত্মসমর্পণ করে, তারও চার মাস জেল হয়। মামলার কারণে আমাকে এখনও কোর্টে যেতে হয়, আমি মামলা চালিয়ে যাবও।”

এ ঘটনার পর শারমিনের বাবা-মার দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটে বলেও জানান তিনি।

নিজের নিরাপত্তার বিষয়ে শারমিন বলেন, “মা-বাবা তো আলাদা হয়ে গেছে। সাত বছরের একমাত্র ভাইটি মার সাথে থাকে। এরপর মা আর আমার সাথে কথা বলেনি। বাবা বিদেশে থাকে, আমি দাদীর কাছে থাকি।

“দাদীর কাছে থাকায় কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি না।”

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শারমিন বলেন, “এটা কত বড় সম্মান তা আমি ভাবতে পারিনি। আর সেই সম্মান পাওয়ার পর আমার মনে হয়েছে আমাকে বড় হতে হবে। আর এটি কেবল আমার একার অর্জন না, এটি আমার দেশের অর্জন; আমার দেশের সকল মেয়েদের অর্জন।

“যুক্তরাষ্ট্রে সবাই আমাকে সাদরে গ্রহণ করেছে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আমাকেই কেবল জড়িয়ে ধরেছেন।”

দুই দেশের পার্থক্য টেনে শারমিন বলেন, “যুক্তরাষ্ট্রে কিন্তু বাল্যবিয়ে রোধে কোনো আইন নেই। কেবল নির্যাতন করলে শাস্তি হয়। কিন্তু আমাদের তো আইন আছে, এটি ইতিবাচক। আমরা এর ব্যবহার কেন করব না?”

যুক্তরাষ্ট্রের স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের কথা জানিয়ে তিনি বলেন, “তারা জানতে চেয়েছে, তাদের বাল্যবিয়ে হলে আমি কিভাবে তাদের সাহায্য করব। আমি তাদের বলেছি, নিজেরা যেন প্রতিবাদ করে, এটি প্রতিহত করে।”

রাজাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দেওয়া শারমিন ভবিষ্যতে আইনজীবী হয়ে মেয়েদের পাশে থেকে কাজ করতে চান।

নিজের অধিকাংশ বান্ধবীর বিয়ে হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে শারমিন বলেন, “শিক্ষার মর্যাদা তারা বুঝবে না। এদের শাস্তি দিতে হবে।”

বাল্যবিয়ে ঠেকাতে স্কুলগুলোতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাবা-মা যেন মেয়েদের বোঝা না ভাবে। আর মেয়েরা যেন বড় হওয়ার বিশ্বাস রাখে নিজের মধ্যে। বাল্যবিয়ের বিরুদ্ধে যেন প্রতিবাদ করে। প্রয়োজনে পুলিশ, চেয়ারম্যান, শিক্ষকের সাহায্য যেন নেন।”

বাল্যবিয়ে রোধে পুরুষদের ভূমিকার বিষয়ে তিনি বলেন, যে পুরুষরা বাল্যবিয়ে করেন, তারা যদি এটি না করেন তাহলে তো বাল্যবিয়ে কমে যাবে।

শারমিনের পুরস্কারপ্রাপ্তির বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস বিভাগের প্রধান মেরিনা ইয়াসমীন সংবাদ সম্মেলনে বলেন, “মাত্র ১৫ বছর বয়সে সে জীবনসংগ্রাম করেছে এবং সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সে তার বিয়ে সাহসিকতার সাথে প্রতিহত করেছে।

“সে তার কাজের মাধ্যমে সমবয়সী কিশোরী ও মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এমন কাজ করা যায় যে, তার উৎসাহ যুগিয়েছে সে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস স্পেশালিস্ট নুসরাত হোসেন।