২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় প্রতিবন্ধীর আঁকায় এবারও প্রধানমন্ত্রীর নববর্ষের কার্ড

ষোলো বছরের ইসাবা হাফিজ ছঁবি আঁকে, অভিনয় করে, গান ও আবৃত্তিও করে। অটিস্টিক এই শিশুর আঁকা একটি ছবি এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষ শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 07:00 PM

Updated : 11 Oct 2022, 01:47 PM

শুধু ইসাবা হাফিজই নয়; প্রধানমন্ত্রী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের যে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন তাতে স্থান পেয়েছে আরও পাঁচজন বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীর আঁকা চিত্রকর্ম।

এবারের নববর্ষের শুভেচ্ছাপত্রে যাদের ছবি ব্যবহার করা হয়েছে তারা হচ্ছেন- সুমা দাস (বাক ও শ্রবণ প্রতিবন্ধী), আশহাব মুনঈম চৌধুরী (অটিজম), ইব্রাহীম খলিল (অটিজম), ইসাবা হাফিজ (অটিজম), মো. রাহাত (সেরিব্রাল পালসি) ও আবিদা সুলতানা শান্তা (বাক ও শ্রবণ প্রতিবন্ধী)।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্রে মেয়ে ইসাবা হাফিজের আঁকা ছবি স্থান পাওয়ার খবর শুনে নিজের আনন্দের কথা জানিয়েছেন শিরিন হাফিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা খুবই আনন্দের খবর।” 

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় নিজের ছেলের আঁকা ছবি স্থান পাওয়ায় খুশির কথা জানান আশহাব মুনঈম চৌধুরীর বাবা নাইমুল ইসলাম চৌধুরী।

ইব্রাহিম খলিলের মামা মো. মামুন বলেন, “প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় ছবি স্থান পাওয়ার মত বড় ঘটনায় তারা খুবই আনন্দিত।”

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, প্রধানমন্ত্রী দুই ঈদ এবং বাংলা ও ইংরেজি নববর্ষে শুভেচ্ছাপত্র পাঠান। ২০১০ সালের কোরবানির ঈদ থেকে বুদ্ধি প্রতিবন্ধী এবং ২০১৪ সাল থেকে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের আঁকা চিত্রকর্ম নিয়ে শুভেচ্ছাপত্র তৈরি হচ্ছে। এর আগে বিভিন্ন শিল্পীদের চিত্রকর্ম ব্যবহার করা হত।

“এই চিত্রকর্মগুলো প্রধানমন্ত্রী নিজেই বাছাই করেন।”

শেখ হাসিনার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পী রফিকুন নবী; যিনি রনবী নামেই বেশি পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আইডিয়াটা ভাল লেগেছে। এটা উৎসাহ দেওয়ার জন্য করা হয় বলে আমার ধারণা। এতে ওরা (প্রতিবন্ধী) খুব উজ্জীবিত ও আনন্দিত বোধ করে। ওদের অভিভাবকরাও খুবই আনন্দিত হয়।”

ছবির জন্য প্রত্যেককে এক লাখ টাকা সন্মানি দেওয়া হয় বলে জানিয়ে আশরাফুল আলম বলেন, ২০১৪ সাল পর্যন্ত দুই থেকে তিনজনের চিত্রকর্ম ব্যবহার করা হতো, সন্মানীও দেওয়া হতো বেশি। এরপর শিল্পীর সংখ্যা বাড়ানো হয়।

ঢাকার শিশুদের ছবি প্রধানমন্ত্রীর কাছে আসে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে; আর জেলার ছবিগুলো আসে জেলা প্রশাসকের মাধ্যমে।

এবারের নববর্ষ পর্যন্ত ৯৪ জন প্রতিবন্ধীর ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাপত্রে ব্যবহৃত হয়েছে বলে জানান আশরাফুল আলম।