‘বিমসটেককে কার্যকর করতে দরকার কানেকটিভিটি’
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সাত দেশের সংস্থা বিমসটেককে কার্যকর করতে দেশগুলোর জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও আঞ্চলিক যোগাযোগ পরিকল্পনার মধ্যে সমন্বয় ঘটানোর পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার ঢাকায় বিমসটেক সচিবালয় ও ভারতের থিঙ্ক ট্যাঙ্ক সিইউটিএসের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সম্মেলনে এই মতামত উঠে আসে আলোচকদের আলোচনায়।
‘ফ্যাসিলিটেটিং কানেকটিভিটি ইন দ্য বে অফ বেঙ্গল’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিমসটেকের সদস্য ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডের বিশেষজ্ঞরা অংশ নেন।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে এক প্ল্যাটফর্মে দাঁড়ি করিয়েছে। এছাড়া সার্ক এবং আসিয়ানকে যুক্ত করতেও ভূমিকা রাখছে এই সংস্থা।
বিমসটেক দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার ২১ শতাংশের বসবাস এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপক সুযোগ রয়েছে। কিন্তু তারপরও সংস্থার দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ অনেক কম। এর কারণ হচ্ছে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা এবং অবকাঠামো, বিশেষ করে পরিবহন ব্যবস্থার ঘাটতি।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিমসটেকের মহাসচিব সুমিথ নাকানডালা বলেন, বঙ্গোপসাগরীয় এই অঞ্চল ঐতিহাসিকভাবে একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত।
তিনি বলেন, “এই অঞ্চলে একসময় বাণিজ্যের ব্যাপকতা ছিল। আবারও তেমনটা না হওয়ার কোনো কারণ নেই।”
প্রথম অধিবেশনের সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক সুবীর ভৌমিক বলেন, বিবিআইএন, বিসিআইএম এবং আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থারগুলোর সঙ্গে বিমসটেকের একযোগে কাজ করা উচিত।
তিনি বলেন, “কানেকটিভিটি শুধু অবকাঠামোগত কিছু নয়, এটি একটি বহুমুখী বিষয়। এর মধ্যে আর্থিক, সাংস্কৃতিক এবং সামাজিক বৈচিত্র রয়েছে।”
বিমসটেককে সফল হতে হলে সমতলের সঙ্গে সাগরের যোগাযোগ ঘটানো গুরুত্বপূর্ণ বলে মত দেন তিনি।
ঢাকায় জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তাকায়ুকি কাওয়াকামি বাংলাদেশের অবকাঠামো খাতে তার দেশের সহায়তার বিষয় তুলে ধরে বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে যোগাযোগ বাড়নোর বৃহৎ পরিকল্পনায় তাদের এই কর্মকাণ্ড সহায়ক হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক সেলিম রায়হান আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ব্যাপক বিনিয়োগের কথা বলেন।
জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়াতে তিনি বাংলাদেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, তাকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন।
“মিয়ানমার এবং ভারতের উত্তরপূর্ব সমীন্তে যদি অস্থিরতা লেগেই থাকে তাহলে কিভাবে এই অঞ্চলে ল্যান্ড করিডরগুলোর উন্নয়ন হবে। এজন্যই অং সান সুচির সরকার মিয়ানমারে শান্তি প্রক্রিয়ার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে।”
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের সড়ক পরিবহন ও জনপথ বিভাগের যুগ্ম সচিব চন্দন কুমার দে সড়ক ব্যবস্থার উন্নয়নে নেওয়া জাতীয় পরিকল্পনা এবং কিভাবে তা আঞ্চলিক মহাসড়কে যুক্ত হবে তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
“কিন্তু মিয়ানমারের সঙ্গে কিছু কিছু কাজ বাকি আছে এবং আমরা সড়ক ব্যবস্থা গড়ে তুলতে তাদের সঙ্গে কাজ করতে চাই, যাতে আমরা সরাসরি বাংলাদেশ থেকে ব্যাংকক পর্যন্ত পৌঁছে যেতে পারি।”
আলোচনায় আরও অংশ নেন সেন্টার ফর ইন্দো-লঙ্কা ইনিশিয়েটিভস অফ দ্য পাথফাইন্ডার ফাউন্ডেশনের পরিচালক অ্যাডমিরাল জয়ান্থা কলম্বাজ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সাবেক পরিচালক সৈয়দ মনোয়ার হোসেন।
বিমসটেকের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই সম্মেলনের মিডিয়া পার্টনার।
বাধা ‘আস্থার ঘাটতি’
বিমসটেকের মধ্যে যোগাযোগ বাড়ানোর পথে ‘আস্থার ঘাটতি’ অন্যতম বাধা হয়ে আছে বলে জানান বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম যোগাযোগ থাকার পেছনে রাজনৈতিক কারণকে অন্যতম হিসেবে চিহ্নিত করেন বক্তারা।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক পরিচালক সৈয়দ মনোয়ার হোসেন এক্ষেত্রে মানুষের মধ্যে থাকা প্রচলিত কিছু ধারনা দূর করার উপর গুরুত্ব দেন।
বিমসটেকের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে গিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন অ্যাডমিরাল জয়ান্থা কলম্বাজ।
সম্মেলনে যোগ দিতে মাত্র চারদিনের ভিসা পেয়েছেন জানিয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে ভিসার জন্য আবেদন করলে আমি পাঁচ বছরের মাল্টিপল সুবিধা পাই। যুক্তরাজ্যে পাই দুই বছর। কিন্তু শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনে আবেদন করে পেয়েছি মাত্র চারদিন, কেন?
“ভিসা দিতেই যদি কড়াকড়ি থাকে তাহলে কিভাবে যোগযোগ বাড়াতে পারব আমরা।”
কলকাতা কাস্টমস হাউজ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ দে বলেন, কানেকটিভিটির জন্য আমাদের মনস্থির করতে হবে। রাজনৈতিক কারণে আমরা একে অপরকে অবিশ্বাস করি। আমাদের মধ্যে একধরনের ভীতি কাজ করে। বাণিজ্য এবং কানেকটিভিটি নিয়ে অনেক গবেষণা হয়েছে কিন্তু এখন গবেষণা করতে হবে কিভাবে আমরা অবিশ্বাস দূর করতে পারি।”
