২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটানা ৩ বছরের বেশি সরকারি দপ্তরে থাকতে পারবেন না কলেজ শিক্ষকরা

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা একটানা তিন বছরের বেশি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় থাকতে পারবেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 11:50 PM

Updated : 19 Aug 2022, 04:17 PM

এছাড়া সরকারি কলেজের শিক্ষকরা চাকরি জীবনে তিনবারে সর্বোচ্চ ছয় বছরের বেশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় নিয়োগ পাবেন না।

এমন বিধান রেখে সোমবার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন ও প্রেষণে পদায়নের নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি কলেজের শিক্ষকরা প্রভাব খাটিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে নিয়োগ নেন বলে অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এসব নিয়োগে আর্থিক লেনদেনেরও অভিযোগ পাওয়া যায়।

এছাড়া অনেক শিক্ষক দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের বছরের পর পর চাকরিতে বহাল থাকেন।

>> শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় পদায়নের জন্য প্রতি বছরের এপ্রিল ও অক্টোবরে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হবে।

>> নির্ধারিত মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে ই-মেইলে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে দাখিলকৃত অথবা ই-মেইল বাদে অন্যভাবে দাখিল করা আবেদন বিবেচনায় নেওয়া হবে না।

শিক্ষকদের কাছ থেকে আবেদন পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ অনুবিভাগের প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি তা যাচাই করবে।

এই কমিটিতে কলেজ অনুবিভাগের উপ-সচিব সদস্য এবং সরকারি কলেজ-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে শিক্ষকদের আবেদনপত্র জমার শেষ কর্মদিবসের ১০ দিনের মধ্যে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের তালিকা করতে হবে।

এরপর শিক্ষামন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের আরেকটি কমিটি প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে একটি ফিটলিস্ট তৈরি করবে। এই ফিটলিস্ট থেকে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় শিক্ষকদের পদায়ন করা হবে।

এই কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিব ও সংশ্লিষ্ট অনুবিভাগ/প্রতিষ্ঠান প্রধান সদস্য এবং উপসচিব (কলেজ) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

নীতিমালায় বলা হয়, কোনো কর্মকর্তা একটি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় একসঙ্গে তিন বছরের বেশি থাকতে পারবে না।

“কোনো কর্মকর্তাকে একটি দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রকল্প থেকে বদলি করে অন্য কোনো দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় বদলি করা যাবে না। মধ্যবর্তী সময়ে তাকে কোনো কলেজে ন্যূনতম দুই বছর কাজ করতে হবে।”

নীতিমালায় বলা হয়, “একজন কর্মকর্তা সমগ্র চাকরিজীবনে অনধিক তিনবার সর্বমোট ছয় বছরের বেশি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় থাকতে পারবেন না। তবে এ ক্ষেত্রে কোনো কারণে ওএসডি হিসেবে কর্মকালকে বিবেচনা করা হবে না।”

নীতিমালায় যাই থাক না কেন, সরকার জরুরি প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কর্মকর্তাকে যে কোনো দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় পদায়ন করতে পারবে বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে।

এই নীতিমালা জারির পর থেকে এ বিষয়ে আগের নেওয়া অন্য যে কোনো সিদ্ধান্ত, নীতিমালা এসব প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অকার্যকর বলে গণ্য হবে।