২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংখ্যালঘু নির্যাতকদের’ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার দাবি

সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর ‘অত্যাচার-নিপীড়ন’ চালানো জনপ্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 08:09 PM

Updated : 11 Oct 2022, 01:45 PM

এ দাবি না মানা হলে আগামী নির্বাচনে ওইসব নির্বাচনী এলাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ ভোট দিতে যাবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

গত শুক্র ও শনিবার ঐক্য পরিষদের দুদিনের নবম জাতীয় সম্মেলন শেষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অবস্থান জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, বিগত বছরগুলোতে যেসব জনপ্রতিনিধি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংখ্যালঘু স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে অত্যাচার-নিপীড়নে ভূমিকা রেখেছে, তাদের আগামী সংসদ নির্বাচনে প্রার্থী না করতে সব রাজনৈতিক দল ও জোটের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়েছে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে।

“এই দাবি মেনে না নিয়ে যদি এ ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তবে সংশ্লিষ্ট সকল নির্বাচনী এলাকায় ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটারদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না।”

নিপীড়ক জনপ্রতিনিধিদের নাম সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জাতির সামনে তাদের (জড়িত জনপ্রতিনিধি) আইডেনটিফাই করা হয়েছে। পত্রিকার সংবাদগুলো সামনে রেখে এবং মাঠ পর্যায়ে আমাদের তথ্য নিয়ে তাদের চিহ্নিত করা হয়েছে।

“সরকারকে বলছি, আপনাদের নানান তদন্ত সংস্থা, এনএসআই-ডিজিএফআই যারা আছে, তাদের দিয়ে তদন্ত করে যেসব রাজনীতিকরা জড়িত তাদের আপনারা বের করেন।”

সংখ্যালঘু নির্যাতনে জড়িত নেতাদের ইঙ্গিত করে ইতোমধ্যে প্রধানমন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা কথা বলেছেন বলে দাবি করেন রানা দাশগুপ্ত। 

“প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, ‘আগাছাগুলো’, ওবায়দুল কাদের বলেছেন, দলে ‘কাউয়া’ ঢুকেছে। অতএব এই ‘কাউয়া’ কারা? আগাছা কারা? এটা নিশ্চয় সরকারি দল জানে, রাষ্ট্র জানে।”

২০০১ থেকে ২০০৬ সালের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিজ্ঞতার কথাও বলেন রানা দাশগুপ্ত।

বিগত দিনের অভিজ্ঞতা এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে ‘আস্থা ও বিশ্বাসের সঙ্কট’ তৈরি হয়েছে বলে ঐক্য পরিষদের কাউন্সিলে মতামত এসেছে বলে জানান তিনি।

ভোটের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ‘অত্যাচার- নির্যাতনের’ ধারাবাহিকতা ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ।

রানা দাশগুপ্ত বলেন, নির্বাচন জয়ের চতুর কৌশল হিসেবে সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সমর্থন দিয়ে, আপস করে, নমনীয়তা প্রদর্শন করে অথবা আত্মসমর্পণের মাধ্যমে আর যাই হোক সন্ত্রাস ও জঙ্গিবাদকে পরাস্ত করা যাবে না। গণতন্ত্র, আইনের শাসন ও জাতীয় ঐক্যের পথও উন্মোচন হবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন কার্যকর প্রয়োগের মাধ্যমে তালিকাভুক্ত সব জমি মালিকদের ফেরত দেওয়াসহ বেশ কয়েকটি দাবি জানান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক।

এরমধ্যে রয়েছে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের কার্যকর প্রয়োগের জন্য সুনির্দিষ্ট সময়সূচিভিত্তিক পথরেখা ঘোষণা, দলিত শ্রেণির মানুষের কর্ম ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংসদে সংখ্যালঘুদের জন্য ৬০টি আসন সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়া।

এসব দাবি বাস্তবায়ন না করলে এর নেতিবাচক প্রভাব দেশের রাজনীতি ও নির্বাচনেও পড়বে বলে দাবি করেন রানা দাশগুপ্ত।

সম্প্রতি পাঠ্যপুস্তক ‘সাম্প্রদায়িকীকরণে’ ক্ষোভ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং দ্রুত পাঠ্যপুস্তক ‘সাম্প্রদায়িকতামুক্ত’ করার দাবি জানানো হয় ঐক্য পরিষদের কাউন্সিল অধিবেশনে- জানান রানা দাশগুপ্ত।

অন্যদের মধ্যে ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ড গোমেজ এবং সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।