বর্ষবরণে সুরের ধারা-চ্যানেল আই
এবার অর্ধযুগে পদার্পণ করছে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠান ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’।
প্রতিবারের মতো এবারও ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হবে ১৪২৪ বঙ্গাব্দকে।
চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে এ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ইউনিলিভারের অন্যতম ব্র্যান্ড ‘সানসিল্ক’। আর টেলিকম পার্টনার হিসেবে রয়েছে রবি।
সোমবার চ্যানেল আই ভবনে ‘ইউনিলিভার বাংলাদেশ, চ্যানেল আই ও সুরের ধারা’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা নববর্ষের প্রথম প্রহরে সূর্যোদয় থেকে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারা ও সারা দেশ থেকে নির্বাচিত এক হাজার শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে বর্ষবরণের গান।
রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে পঞ্চকবির গানসহ ছয়টি একক পরিবেশনা থাকবে। অনুষ্ঠানে দেশের রবীন্দ্র, নজরুল এবং আধুনিক গানের বরেণ্য শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠেয় এ উৎসবে আইয়ুব বাচ্চু ও তার ব্র্যান্ড এলআরবির পরিবেশনা ছাড়াও থাকবে বৈশাখী ফ্যাশন শো।
এছাড়াও বৈশাখী মেলার হরেক রকম স্টলে পিঠা-পুলি, মাটির তৈরি জিনিসপত্র, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্র পাওয়া যাবে।
মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকবে ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে ‘ঘুড়ি উৎসব’। আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু, যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
