মঈনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত হাসিনার
আজমির শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত সফরের তৃতীয় দিন রোববার সকাল সাড়ে ৮টায় নয়া দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে জয়পুরে যান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখান থেকে তারা হেলিকপ্টারে আজমিরে পৌঁছান।
সকাল ১০টার পর প্রধানমন্ত্রী আজমিরে পৌঁছালে খাজা মঈনুউদ্দিন চিশতীর দরগায় তাকে স্বাগত জানান মোয়াল্লেম হাজী কলিমউদ্দিন।
বঙ্গবন্ধু কন্যা খাজা মঈনউদ্দিন চিশতীর সমাধীতে গিলাফ চড়ান এবং মাজার জিয়ারত করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইন মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, বাগেরগাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এবং মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
খাজা মইনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারতের পর দুপুরে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী। বিকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের নর্থ ড্রয়িংরুমে হবে ওই বৈঠক।
সাক্ষাত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
চার দিনের সরকারি সফরে শুক্রবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা। সফর শেষে সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।
